ভেনিজুয়েলায় দেশব্যাপী বিক্ষোভের মাঝে শপথ নিচ্ছেন মাদুরো

ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো শুক্রবার (১০ জানুয়ারি) তৃতীয় মেয়াদে শপথ নিতে যাচ্ছেন। তার শপথ গ্রহণের আগে দেশব্যাপী এবং আন্তর্জাতিকভাবে ব্যাপক প্রতিবাদ দেখা গেছে।

বিরোধী নেতা মারিয়া করিনা মাচাদো গতকাল বৃহস্পতিবার কারাকাসে আত্মগোপন থেকে বের হয়ে এক বিক্ষোভের নেতৃত্ব দেন। বিক্ষোভ শেষে তাকে সাময়িকভাবে আটক করা হয় বলে তার দলের পক্ষ থেকে জানানো হয়েছে।

এই ঘটনা আবারও মাদুরোর নির্বাচনী কারচুপি এবং সমালোচকদের দমন-পীড়নের বিরুদ্ধে আন্তর্জাতিক নিন্দার ঝড় তোলে। যদিও সরকার মাচাদোকে গ্রেপ্তারের অভিযোগ অস্বীকার করেছে।

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার বিরোধী নেতা মাচাদো ও এডমুন্ডো গনজালেস উরুতিয়াকে ‘স্বাধীনতা যোদ্ধা’ হিসেবে অভিহিত করেছেন। মাচাদো গত ২৮ জুলাইয়ের নির্বাচনে মাদুরোর বিরুদ্ধে জয়ী বলে ব্যাপকভাবে বিশ্বাস করা হয়।

ট্রাম্প তার প্রথম মেয়াদে মাদুরো সরকারের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন। পরে তার উত্তরসূরি জো বাইডেন এই নিষেধাজ্ঞা আংশিকভাবে শিথিল করলেও তা আবার পুনর্বহাল করা হয়। ট্রাম্পের পরবর্তী মেয়াদে এই নিষেধাজ্ঞা আরও কঠোর হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

মাদুরোর ঐতিহাসিক মিত্র কলম্বিয়ার বামপন্থী প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো বিরোধী নেতা মাচাদোকে ‘পদ্ধতিগত হয়রানি’র নিন্দা করেছেন। ইকুয়েডর মাদুরোর শাসনকে ‘একনায়কতন্ত্র’ বলে আখ্যা দিয়েছে। এছাড়া স্পেন মাচাদোর সংক্ষিপ্ত আটকে ‘নিন্দা’ জানিয়েছে।

মাচাদোর দল এক্স-এ জানিয়েছে, বিক্ষোভ শেষে মাচাদোকে ‘সহিংসভাবে আটকানো’ হয় এবং তার মোটরসাইকেল বহরের আশপাশে গুলির ঘটনা ঘটে। পরে তাকে আটক করে একাধিক ভিডিও ধারণে বাধ্য করা হয় এবং ছেড়ে দেওয়া হয়।