পাকিস্তানে মালালা ইউসুফজাই, জন্মভূমিতে ফিরে ‘অভিভূত’

ইসলামিক বিশ্বে নারীশিক্ষা বিষয়ক বৈশ্বিক এক শীর্ষ সম্মেলনে যোগ দিতে পাকিস্তানে পৌঁছেছেন নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মালালা ইউসুফজাই। শনিবার (১১ জানুয়ারি) তিনি জানিয়েছেন, জন্মভূমি পাকিস্তানে ফিরে আসতে পেরে তিনি ‘অভিভূত’।

২০১২ সালে স্কুলছাত্রী মালালাকে পাকিস্তানি তালেবানরা গুলি করেছিল। এরপর তিনি বিদেশে চলে যান। বিদেশে যাওয়ার পর মাত্র কয়েকবার তিনি দেশে আসেন।

রাজধানী ইসলামাবাদে সম্মেলনে পৌঁছে তিনি বলেন, পাকিস্তানে ফিরে আসতে পেরে আমি সত্যিই সম্মানিত, অভিভূত ও আনন্দিত।

শনিবার দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ দুই দিনব্যাপী এ শীর্ষ সম্মেলন উদ্বোধন করেন। এতে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর প্রতিনিধিরা একত্রিত হচ্ছেন। আগমীকাল রোববার সম্মেলনে ইউসুফজাইয়ের ভাষণ দেওয়ার কথা রয়েছে।

শুক্রবার সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্ম এক্স-এ তিনি বলেন, আমি সকল মেয়ের স্কুলে যাওয়ার অধিকার রক্ষার বিষয়ে কথা বলবো। আফগান নারী ও মেয়েদের বিরুদ্ধে অপরাধের জন্য সংশ্লিষ্টদের জবাবদিহি করতে হবে, সে ব্যাপারেও বলবো।

পাকিস্তানের শিক্ষামন্ত্রী খালিদ মকবুল সিদ্দিকী এএফপিকে বলেছেন, আফগানিস্তানেকে এই সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে তাদের পক্ষ থেকে আমন্ত্রণে কোনো সাড়া পাওয়া যায়নি।

আফগানিস্তান বিশ্বের একমাত্র দেশ যেখানে মেয়ে ও নারীদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যেতে বাধা দেওয়া হয়। জাতিসংঘ এটিকে ‘লিঙ্গ বর্ণবাদ’ বলে অভিহিত করেছে।

সরকারি পরিসংখ্যান অনুসারে, পাকিস্তান তীব্র শিক্ষা সংকটের মুখোমুখি হচ্ছে। দেশটিতে ২ কোটি ৬০ লাখের বেশি শিশু স্কুলের বাইরে রয়েছে। এদের অধিকাংশই দারিদ্র্যের কারণে স্কুলে ভর্তি হওয়া থেকে বঞ্চিত হচ্ছে।