আজহারীর মাহফিলে মোবাইল-স্বর্ণালঙ্কার চুরি, আটক ১০

সিলেটের এমসি কলেজ মাঠে ইসলামী বক্তা ড. মিজানুর রহমান আজহারীর তাফসির মাহফিল থেকে মোবাইল ফোন-স্বর্ণালঙ্কার খোয়া যাওয়ার ঘটনায় সিলেট মেট্রোপলিটন পুলিশের শাহপরাণ থানায় দুটি মামলা ও ২৫টি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। মোবাইল ও স্বর্ণ চুরির ঘটনায় এখন পর্যন্ত ১০ নারী-পুরুষকে আটক করা হয়েছে। আটকদের মধ্যে রয়েছেন ছয়জন পুরুষ ও চারজন নারী।

রোববার (১২ জানুয়ারি) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।

তিনি বলেন, তিনদিন ব্যাপী তাফসিরুল কুরআন মাহফিলের শেষদিনে মোবাইল ফোন ও স্বর্ণ খোয়া যাওয়ার ঘটনায় শাহপরান (র.) থানায় ২৫টি জিডি ও দুটি চুরির মামলা হয়েছে। এই সংখ্যা আরও বাড়তে পারে বলেও জানান তিনি।

এর আগে, শনিবার (১১ জানুয়ারি) রাতে সম্পন্ন হয়েছে আনজুমানে খেদমতে কুরআন সিলেট আয়োজিত সিলেট এমসি কলেজ মাঠে তিন দিনব্যাপী তাফসিরুল কুরআন মাহফিল।

এদিকে মাহফিলে বিশৃঙ্খলার কারণে সংক্ষিপ্ত মোনাজাতের মধ্য দিয়ে বক্তব্য শেষ করে চলে যান আজহারী। এতে আশাহত হয়েছেন তাফসির শুনতে আসা লাখ লাখ মানুষ।