দাবানল নেভাতে লস অ্যাঞ্জেলেসে দেওয়া হচ্ছে আজান! যা জানা গেল

টানা ছয় দিন ধরে ভয়াবহ দাবানলে পুড়ছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস শহরের বিস্তীর্ণ এলাকা। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেসে দ্রুত ছড়িয়ে পড়তে থাকা দাবানল নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। দাবানলে প্রাণহানির সংখ্যা স্থানীয় সময় গতকাল রোববার পর্যন্ত ২৪–এ পৌঁছেছে। এখনো দাবানল কমার আশার আলো দেখা যাচ্ছে না; বরং বিপজ্জনক ঝোড়ো বাতাসের গতি বাড়ার সতর্কতা জারি করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। দাবানল আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।

‘কিছুতেই যখন দাবানল নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, তখন দাওয়াতে ইসলামি সেখানে উচ্চ স্বরে আজান শুরু করেছে!’- এমনই এক দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে এক ভিডিও।

ভিডিওতে দেখা যাচ্ছে, দাঁড়ি-টুপি ও মাথায় পাগড়ি পরা কিছু লোক একসঙ্গে আজান দিচ্ছেন। পেছনে জ্বলছে আগুনের লেলিহান শিখা।

এই ভিডিও সোমবার (১৩ জানুয়ারি) সকাল থেকে শত শত আইডি থেকে পোস্ট, শেয়ার করা হচ্ছে। 

শত শত আইডি থেকে পোস্ট, শেয়ার করা হচ্ছে।

যা জানা গেল

ইত্তেফাকের ফ্যাক্টচেকে জানা গেছে এই ভিডিও তো দাবানলের এলাকা অর্থাৎ লস অ্যাঞ্জেলসের নয়ই, পুরো যুক্তরাষ্ট্রের কোথাও এই ভিডিও ধারণ করা হয়নি। 

২০২২ সালের ভিডিও

মূলত ভিডিওটি পাকিস্তানের। ২০২২ সালের ১ জুন করাচির একটি সুপারমার্কেটে আগুন লাগে। ২৪ ঘণ্টা পার হয়ে গেলেও সেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। তখন ওই সুপারমার্কেটের ব্যবসায়ী ও স্থানীয়দের উদ্যোগে আল্লাহর রহমতের আশায় আজান দেয় কতিপয় লোকজন।

আগুনের ঘটনা নিয়ে করা ২০২২ সালের প্রতিবেদন।

এই ঘটনার ভিডিও ক্লিপ নতুন করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো হয়েছে। যা একটি গুজব।