মেক্সিকোর সঙ্গে বাণিজ্য বৃদ্ধির সুযোগ অবারিত: মুশফিকুল ফজল আনসারি

উত্তর আমেরিকার দেশ মেক্সিকোর সঙ্গে বাণিজ্য বৃদ্ধি অবারিত সুযোগ রয়েছে বলে মন্তব্য করেছেন সিনিয়র সচিব মর্যাদায় রাষ্ট্রদূত (মেক্সিকো) হিসেবে নিয়োগ প্রাপ্ত মুশফিকুল ফজল আনসারী। তিনি বলেন, বর্তমানে মেক্সিকোর সঙ্গে ৬০০ মিলিয়ন ডলারেরও বেশি বাণিজ্য রয়েছে। যেটি আরও বহুগুণ বাড়ানো সম্ভব।

সোমবার (১৩ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডিক্যাব লাউঞ্জে কূটনৈতিক প্রতিবেদকদের সংগঠন ডিপ্লোমেটিক করসপন্ডেন্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশের (ডিক্যাব) সঙ্গে এক চা-চক্রে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

মেক্সিকোর রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ প্রাপ্ত মুশিফকুল ফজল বলেন, শুধুমাত্র সরাসরি পণ্যবাহী কার্গো সেবা চালু হলে এখনই ১০০ মিলিয়ন ডলার বাণিজ্য বৃদ্ধি সম্ভব। আমার প্রথম কাজ হবে বাংলাদেশ থেকে সরাসরি পণ্যবাহী কার্গো সেবা চালু করা। যা এখন ভারত হয়ে সম্পাদিত হচ্ছে।

মুশফিকুল ফজল বলেন, প্রথমে ভেবেছিলাম মেক্সিকো গিয়ে কি করবো? কিন্তু পরে যখন জানলাম এবং বুঝলাম তখন মনে হলো মেক্সিকোতেও দেশকে উপস্থাপন করার অনেক কিছু করার আছে।  কাজের বিশাল পরিধি আছে। প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের ‌‌ত্রি জিরো' তত্বের বিশাল ক্যাম্পেইন আছে। উনার সোস্যাল বিজনেস সেখানে আছে।

তিনি আরও বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানে দেশে পরিবর্তন এসেছে।বাংলাদেশের মানুষ বুকের তাজা রক্ত দিয়ে এই পরিবর্তন এনেছে। এছাড়া বিগত ১৫ বছর যাবত আরও অনেক দল ক্ষমতার পরিবর্তনের জন্য সংগ্রাম করেছে। বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে। গুম খুনের শিকার হয়েছে। তাদের অবদানকেও সমানভাবে দেখতে হবে। কারণ পরিবর্তনের ভিত তৈরী করেছে তারা।