নাসিকের সাবেক কাউন্সিলর মতিউর ও তার ছেলে গ্রেপ্তার

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও যুবলীগ নেতা মতিউর রহমান এবং তার ছেলে মশিউর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ ও ঢাকায় হত্যাসহ একাধিক মামলা রয়েছে।

সোমবার (১৩ জানুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন  সিদ্ধিরগঞ্জ থানার ওসি শাহীনুর আলম। এর আগে রোববার দিবাগত রাত ২টায় বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করে ভাটার থানা পুলিশ।

পুলিশ জানায়, আসামি মতিউর রহমান ও তার ছেলে মশিউর রহমানকে নারায়ণগঞ্জের বিভিন্ন থানায় হত্যাসহ একাধিক মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এছাড়া ২০২৩ সালে দুর্নীতি দমন কমিশনের করা অবৈধ সম্পদ অর্জন ও অর্থপাচারের মামলায় কারাভোগও করেন মতিউর। তার স্ত্রী রোকেয়া রহমানও দুদকের মামলার আসামি।

মতিউর রহমান নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৬ নম্বর ওয়ার্ডের দুইবারের নির্বাচিত কাউন্সিলর এবং সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের সভাপতি। স্থানীয়ভাবে প্রভাবশালী এ কাউন্সিলর নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য একেএম শামীম ওসমানের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে রাজনীতির মাঠে পরিচিত।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি শাহীনুর আলম বলেন, মতির বিরুদ্ধে রাজধানী ঢাকার ভাটারা থানায়ও মামলা রয়েছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। পর্যায়ক্রমে বাকি মামলাগুলোতেও গ্রেপ্তার দেখানো হবে। গোপন সংবাদের ভিত্তিকে খবর পেয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।