দলীয় নির্দেশনা অমান্য করায় বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক শনিরুজ্জামান খান ফারুক ও সদস্য সচিবকে সচিব জিয়াউদ্দিন সিকদারকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে কেন্দ্রীয় বিএনপি।
সোমবার (১৩ জানুয়ারি) রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র সিনিয়র যুগ্ম-সচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা উপেক্ষা করে ঢাকা থেকে এসে বরিশালে বহর নিয়ে শোডাউন করায় আগামী ২৪ ঘণ্টার মধ্যে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে কেন্দ্রীয় বিএনপি। এমন কর্মকাণ্ডের জন্য তাদের বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না তাও লিখিত আকারে জানতে চেয়েছে কেন্দ্রীয় বিএনপি।
তবে অভিযোগ অস্বীকার করেছেন বরিশাল বিএনপির এই দুই শীর্ষ নেতা। তারা বলেন, আমরা কোনো শোডাউন করিনি। মূলত আমাদের ঢাকা থেকে ফেরার খবরে উৎসুক নেতাকর্মীরা স্বপ্রণোদিত হয়ে এগিয়ে আসে। নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল ব্যস্ত এলাকা হওয়ায় সেখানে যানবাহনের জট লেগেই থাকে। চিঠি পেয়েছি আমরা উত্তর দেওয়ার প্রস্তুতি নিচ্ছি।
উল্লেখ্য, গত ১১ই জানুয়ারি রাজধানী ঢাকা থেকে বাসযোগে বরিশাল নথুল্লাবাদ টার্মিনালে নেমে দলীয় নির্দেশনা উপেক্ষা করে মোটরসাইকেল শোডাউন দেওয়ার অভিযোগ ওঠে মনিরুজ্জামান খান ফারুক ও জিয়াউদ্দিন সিকদারের বিরুদ্ধে।