পৃথক সড়ক দুর্ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষকসহ তিনজনের মৃত্যু হয়েছে। এরমধ্যে রাজশাহীর বাঘা উপজেলায় মিরগঞ্জে দুইজন এবং রাজশাহী শহরে ছোট বন গ্রামে একজন দুর্ঘটনার কবলে পড়েন।
সোমবার (১৩ জানুয়ারি) দিবাগত রাতে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে তাদের মৃত্যু হয়।
নিহতরা হলেন- রাবির বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক পুরনজিত মহালদার এবং মোটরসাইকেল আরোহী ফয়সাল হোসেন ও নাসির উদ্দিন।
পুলিশ ও রাবি সূত্র জানা গেছে, সোমবার দুপুরে মেয়েকে স্কুল থেকে আনতে মোটরসাইকেলযোগে যাচ্ছিলেন রাবির সহযোগী অধ্যাপক পুরনজিত মহালদার। শহরের ছোট বন গ্রাম বারো রাস্তার মোড়ে সড়কের ওপর রাখা বালুতে মোটরসাইকেল পিছলে তিনি ছিটকে পড়ে যান। এসময় মাথায় গুরুতর আঘাত লাগে তার। পরে তাকে উদ্ধার করে রামেক হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে তিনি মারা যান। রাবির জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক আখতার হোসেন মজুমদার তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
অন্যদিকে সোমবার রাত সাড়ে ৯টার দিকে চারঘাট-বাঘা মহাসড়কের মীরগঞ্জ সাজির বটতলায় দুর্ঘটনার কবলে পড়েন মোটরসাইকেল আরোহী ফয়সাল হোসেন ও নাসির উদ্দিন। দুর্ঘটনায় গুরুতর আঘাতের পর উদ্ধার করে তাদের নেওয়া হয় রামেক হাসপাতালে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, বাঘা উপজেলার মীরগঞ্জে পারিবারিক কাজ শেষে মোটরসাইকেলে লালপুরের বাড়ি যাচ্ছিল নাটোরের যাচ্ছিলেন তারা দুইজন। তাদের মোটরসাইকেলটি মীরগঞ্জ সাজির বটতলায় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাকের ধাক্কায় দুইজনই মোটরসাইকেল থেকে সড়কে ছিঁটকে পড়েন। এসময় পাশ থেকে আসা একটি ট্রলিরচাপায় ঘটনাস্থলেই প্রাণ হারান দুই জনই। দুর্ঘটনার পর ট্রাক ও ট্রলি পালিয়ে গেছে।
বাঘা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুপ্রভাত মন্ডল বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছিল। কিন্তু স্থানীয়রা এর আগেই তাদের হাসপাতালে পাঠিয়ে দেন। দুর্ঘটনায় দুই জনের মৃত্যুর খবর পেয়েছি। এ ঘটনায় কেউ অভিযোগ করে নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।