সমুদ্র থেকে ভেসে আসছে ছোট আকারের সাদা ও ধূসর রঙের বল। এ কারণে অস্ট্রেলিয়ার সিডনির ৯টি সৈকত বন্ধ করে দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার সৈকতগুলো বন্ধ করে দেওয়া হয়।নর্দান বিচ কাউন্সিলের পক্ষ থেকে বলা হয়েছে, তারা সৈকতে ভেসে আসা বস্তুগুলো নিরাপদে সরিয়ে নেওয়ার কাজ করছে।
বল আকৃতির ওই বর্জ্যগুলোর বেশির ভাগই আকারে মার্বেলের সমান। তবে কয়েকটি কিছুটা বড় বলে বিবৃতিতে জানানো হয়েছে। সোনালি রঙের বালু আর স্বচ্ছ পানির কারণে সিডনির সৈকতগুলোর খ্যাতি জগৎজোড়া।
এর আগে গত বছর অক্টোবরে সিডনির বিখ্যাত বন্ডি সৈকতসহ আরও কয়েকটি সৈকতে কয়েক হাজার কালো রঙের রহস্যময় বল ভেসে এসেছিল।পরে পরীক্ষায় জানা যায়, ফ্যাটি অ্যাসিড থেকে ওই বলগুলো তৈরি হয়েছে। প্রসাধনী ও পরিষ্কারক পণ্যে এ ধরনের রাসায়নিক ব্যবহার করা হয়। সঙ্গে যুক্ত হয়েছে চুল, উচ্ছিষ্ট খাবার ও অন্যান্য উপাদান। বর্জ্যপানিতে এসব উপাদান মিলেমিশে কালো রঙের বলের আকার নিয়েছিল।
সূত্র: সিএনএন