ট্যাংক-বিধ্বংসী গাইডেড ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল ভারত

অ্যান্টি-ট্যাঙ্ক গাইডেড মিসাইল পরীক্ষা করেছে ভারত। বুধবার (১৫ জানুয়ারি) এক প্রতিবেদনে আরটি জানিয়েছে, দক্ষিণ এশিয়ার দেশটি সফলভাবে দেশীয় তৈরি 'নাগ এমকে-২' নামক তৃতীয় প্রজন্মের অ্যান্টি-ট্যাঙ্ক গাইডেড ক্ষেপণাস্ত্র ট্রায়াল পরিচালনা করেছে।

সম্প্রতি রাজস্থানের পোখরানের একটি ফায়ারিং রেঞ্জে এই পরীক্ষা চালানো হয় বলে এক বিবৃতিতে জানিয়েছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

জানা গেছে, ভারতের ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের তৈরি ক্ষেপণাস্ত্র ব্যবস্থাটি সর্বোচ্চ ও সর্বনিম্ন পাল্লার সব লক্ষ্যবস্তু ধ্বংস করে দিতে সক্ষম। পুরো অস্ত্র ব্যবস্থা এখন ভারতীয় সেনাবাহিনীতে অন্তর্ভুক্তির জন্য প্রস্তুত বলে জানিয়েছেন কর্মকর্তারা।

আরটির প্রতিবেদনে বলা হয়েছে, একটি ইমেজিং ইনফ্রারেড (আইআইআর) সন্ধানকারী দিয়ে এই ট্যাংক বিধ্বংসী ব্যবস্থা সজ্জিত। এটি যে কোনো সময় স্থির এবং চলমান উভয় লক্ষ্যবস্তুতে সঠিকভাবে আঘাত করতে পারে।

জানা গেছে, নাগ এমকে-২ এর পরিসীমা ৭ থেকে ১০ কিলোমিটার বলে অনুমান করা হয়। এটি পূর্ববর্তী সংস্করণের চেয়ে উন্নত। একই মডেলের আগের সংস্করণটি স্থল-ভিত্তিক অপারেশনের জন্য ছিল এবং পরিসীমা ছিল ৪ কিলোমিটার।

গত নভেম্বরে ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য ওড়িশা উপকূলে প্রথম দূরপাল্লার হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালায় নয়াদিল্লি। ক্ষেপণাস্ত্রটি ১৫০০ কিলোমিটারেরও বেশি দূরত্বে আঘাত হানতে সক্ষম।

নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন ভারত সরকার দেশীয়ভাবে প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনের ওপর জন্য জোর দিচ্ছে। স্থানীয়ভাবে প্রতিরক্ষা ব্যবস্থা এবং উপাদানের জন্য বার্ষিক ব্যয়ও বৃদ্ধি পাচ্ছে।