অবৈধ বালু তোলার প্রতিবাদ করায় যুবদল নেতাকে মারধর বিএনপি নেতার

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদ করায় আবদুর রহিম নামে এক যুবদল নেতাকে পিটিয়ে আহত করেছে উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আলম সিকদারের সমর্থিত যুবদল নেতা মিজান ও তার সহযোগীরা। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার চরহাজারী ইউনিয়নের ছোট ফেনী নদীর তেল্লার ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ৬৭ কোটি টাকা ব্যয়ে ছোট ফেনী নদীর ওপর ৫০৪ মিটারের একটি সেতু নির্মাণের কাজ চলছে। সেতু নির্মাণের পাশের এলাকা থেকে ব্রিজের কাজের নামে বালু উত্তোলন করছে উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আলম সিকদার। তার নির্দেশে এ কাজ করছে যুবদল নেতা বালু মিজান প্রকাশ ঝর্ণা মিজান। মঙ্গলবার দুপুরে স্থানীয় যুবদল নেতা আবদুর রহিম স্থানীয়দের সঙ্গে নিয়ে অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদ করলে উন্নয়ন কাজে বালু উত্তোলন হচ্ছে বলে তাদের বোঝানোর চেষ্টা করেন সিকদার। এক পর্যায়ে তাদের মধ্যে বাকবিতণ্ডার পর সিকদারের ইঙ্গিতে যুবদল নেতা মিজান তার দলবল নিয়ে যুবদল নেতা রহিমকে পিটিয়ে আহত করে।

এ বিষয়ে আহত যুবদল নেতা আবদুর রহিম বলেন, সরকারিভাবে বালু উত্তোলন নিষিদ্ধ, পরিবেশের জন্যও ক্ষতি। তা জেনেও আমি এলাকার সাধারণ লোকজন নিয়ে অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদ করি। এতে ক্ষিপ্ত হয়ে উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আলম সিকদার তার সন্ত্রাসী বাহিনী দিয়ে আমাকে পিটিয়ে আহত করে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।

উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আলম সিকদার বলেন, যুবদল নেতা আবদুর রহিমকে পেটানোর কোনো ঘটনা ঘটেনি। প্রথমে তিনি বালু উত্তোলনের কথা অস্বীকার করলেও পরে বলেন,বালু উত্তোলন হলেও তা বৈধ ভাবে উন্নয়ন কাজের জন্য তোলা হচ্ছে।

কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর ফরহাদ শামীম বলেন, অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদ করায় তারা আবদুর রহিম নামে একজনকে পিটিয়েছে বলে সন্ধ্যার পর শুনেছি। তবে সেখানে বালু উত্তোলনের জন্য কাউকে কোনো ধরনের অনুমতি দেওয়া হয়নি। কেউ বালু উত্তোলন করলে অবৈধভাবেই করছে।