ঐতিহ্যবাহী মেলা ঘিরে সক্রিয় চোরচক্র, গ্রেপ্তার ২

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার দমাইলের বড়ইআটা এলাকার ঐতিহ্যবাহী গুটি মেলা থেকে মোবাইল চুরির অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় চুরির কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ এবং উদ্ধার হয় ১৪টি মোবাইল।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) ফুলবাড়ীয়া থানার দেওখোলা বাজার থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন-মো. রানা ওরফে চুন্নু (৪৮) এবং ড্রাইভার লিটন (৩৪)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বড়ইআটা এলাকায় মঙ্গলবার ঐহিত্যবাহী গুটি খেলা অনুষ্ঠিত হয়। এতে লাখ লাখ মানুষ সমাবেত হয়। এই ঐহিত্যবাহী মেলাকে কেন্দ্র করে চুরির ফাঁদ পাতে একটি চক্র। মেলা থেকে বেশ কয়েকজনের মোবাইল চুরির পর তাদের আটক করে স্থানীয় জনতা। পরে পুলিশের হাতে সোপর্দ করা হয়। এসময় দুই জনকে আটক করতে সক্ষম হলেও বাকিরা পালিয়ে যান। ঘটনাস্থল থেকে চুরির কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস (নোহা গাড়ি) এবং ১৪টি মোবাইল উদ্ধার করে পুলিশ।

ফুলবাড়ীয়া থানার ওসি রুকনুজ্জামান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায় চক্রটি দেশের বিভিন্ন অঞ্চলে সভা, সমাবেশ, খেলার মাঠসহ বিভিন্ন জনসমাবেশ থেকে সংঘবদ্ধভাবে মোবাইল ফোন চুরি করে থাকে। গুটি মেলা থেকে চুরি হওয়া ১৪টি মোবাইল তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের হয়েছে।