মহীয়সী মাজেদা বেগমের ৩৮তম মৃত্যুবার্ষিকী আজ

আজ ১৬ জানুয়ারি  মহীয়সী মাজেদা বেগমের ৩৮তম মৃত্যুবার্ষিকী। তিনি ছিলেন ইত্তেফাক গ্রুপ অব পাবলিকেশনস লিমিটেডের পরিচালকমণ্ডলীর চেয়ারম্যান ও দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাতা সম্পাদক তফাজ্জল হোসেন মানিক মিয়ার সহধর্মিণী। ১৯৩৭ সালে মানিক মিয়ার সঙ্গে তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হন। তিনি ছিলেন জনদরদি উদার হৃদয়ের একজন ব্যক্তিত্ব। শুধু ইত্তেফাক পরিবারের সদস্যদের প্রতি নয়, সব মানুষের প্রতিই তিনি সহযোগিতার হাত বাড়িয়ে দিতেন। তার সেই মানবিকতার কথা মানুষ আজও কৃতজ্ঞচিত্তে স্মরণ করে। 

মহীয়সী মাজেদা বেগম একজন সফল স্ত্রী এবং একজন সফল মা। নারী শিক্ষার অগ্রযাত্রার পথিকৃৎ তিনি। উপমহাদেশের প্রখ্যাত সাংবাদিক ও স্বাধীন বাংলার অগ্রদূত তফাজ্জল হোসেন মানিক মিয়ার কঠিন সংগ্রামে তার ভূমিকা ছিল উজ্জ্বল এবং স্বামীর সব কাজে উৎসাহ, অনুপ্রেরণা ও সাহস জুগিয়েছেন তিনি।

পাশাপাশি ছেলেমেয়েদের সুশিক্ষায় শিক্ষিত করেন আত্মপ্রত্যয়ী মাজেদা বেগম। তিনি ছিলেন এক আধুনিক মানুষ। তার জীবনযাপন ছিল সহজ সাদামাটা ও অনুকরণীয়। এই মানবদরদী জনহিতৈষী ব্যক্তিত্বের মৃত্যুবার্ষিকীতে তাকে সশ্রদ্ধচিত্তে স্মরণ করবেন ইত্তেফাক পরিবারের সদস্যরা।     

মাজেদা বেগমের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আজ আজিমপুরে মরহুমার মাজার প্রাঙ্গণে সকাল ৬টা ৩০ মিনিট থেকে কুরআনখানি এবং বেলা ১১টায় দোয়া মাহফিল ও তবারক বিতরণ করা হবে। মরহুমার কনিষ্ঠ পুত্র আনোয়ার হোসেন মঞ্জুর পক্ষ থেকে নিজ বাসভবনে কুরআনখানি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এছাড়া জ্যেষ্ঠ কন্যা মরহুমা আখতারুন্নাহার বেবীর পরিবারবর্গের পক্ষ থেকে নিজ বাসভবনে বাদ এশা কুরআনখানি, দোয়া ও কাঙালিভোজ অনুষ্ঠিত হবে।