ফরিদপুরে গভীর রাতে বাস টার্মিনালে রাখা সাদ পরিবহন নামের একটি বাসে আগুন দেওয়া হয়েছে। আগুনে বাসের ভেতরের সম্পূর্ণ অংশ পুড়ে ছাই হয়ে গেছে।
বুধবার (১৫ জানুয়ারি) দিবাগত রাত ১টার দিকে শহরের বাস টার্মিনালে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। বাসটির মালিক ফরিদপুর জেলা বাস মালিক গ্রুপের সভাপতি কামরুজ্জামান ছিদ্দিকী কামরুল।
সাদ পরিবহনের সুপারভাইজার গোপাল চন্দ্র দাস বলেন, বুধবার রাতে মাগুরা থেকে টিপ মেরে ফরিদপুরে আসি। পরে গাড়িতে তেল ভরে বাস টার্মিনালে এসে গাড়িটি পার্কিং করে রাখি। রাতের খাওয়া দাওয়া শেষে গাড়িতে ঘুমিয়ে পড়ি। রাত ১টার দিকে গাড়ির মধ্যে আগুনের তাপ লাগায় হঠাৎ ঘুম ভেঙে যায়, তখন দেখি গাড়ির ভেতরের পিছনের অংশে আগুন জ্বলছে। তাড়াতাড়ি গাড়ি থেকে বেরিয়ে চিৎকার করলে অন্য গাড়ির লোকজন এগিয়ে আসে।
তিনি আরও জানান, ওই সময়ই ৯৯৯ এ ফোন দিলে ফায়ার সার্ভিস ও পুলিশের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। গাড়ির পেছনের গ্লাস ভেঙে আগুন দেয় দুর্বৃত্তরা। গাড়িটির মালিক ফরিদপুর জেলা বাস মালিক গ্রুপের সভাপতি কামরুজ্জামান ছিদ্দিকী কামরুল।
ফরিদপুর জেলা বাস মালিক গ্রুপের যুগ্ম-সাধারণ সম্পাদক রাজিবুর রহমান সুজন জানান, জেলা বাস মালিক গ্রুপের সভাপতি কামরুজ্জামান ছিদ্দিকীর ওপর এর আগে হামলা হয়েছে, এবার তার গাড়ি পুড়িয়ে দেয়া হলো। জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানাই।
ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান জানান, খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে গিয়েছিলাম। গাড়িতে আগুন দেওয়ার বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।