গাজার ক্ষত সারিয়ে তুলতে আমরা সব সম্পদ একত্রিত করব: এরদোয়ান

যুদ্ধবিরতির পর গাজার পুনর্গঠন প্রচেষ্টায় অব্যাহত সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তিনি বলেন, নিপীড়নের বিরুদ্ধে লড়াইয়ে তুরস্ক কখনোই আমাদের ফিলিস্তিনি ভাই-বোনদের পরিত্যাগ করেনি। গাজার ক্ষত সারিয়ে তুলতে এবং নিজের পায়ে দাঁড়াতে আমরা আমাদের সব সম্পদ একত্রিত করব।

হামাস ও ইসরায়েলের যুদ্ধবিরতি চুক্তিতে সন্তোষ প্রকাশ করে বুধবার (১৫ জানুয়ারি) প্রকাশিত এক বিবৃতিতে এরদোগান বলেন, এই চুক্তি এ অঞ্চলে 'স্থায়ী শান্তি ও স্থিতিশীলতার' পথ প্রশস্ত করতে পারে। এটি আমাদের ফিলিস্তিনি ভাই ও বোনদের উপকৃত করবে।

তুর্কি নেতা 'ইসরায়েলের বেআইনি ও অমানবিক হামলা' থেকে ফিলিস্তিনি ভূমি ও স্বাধীনতা রক্ষায় সাহসিকতার জন্য 'গাজার বীর জনগণের' প্রতি শ্রদ্ধা জানান।

তুর্কি প্রেসিডেন্ট গাজায় যারা প্রাণ হারিয়েছেন তাদের স্মরণ করেন। সেই সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির দীর্ঘস্থায়ী সাফল্যের জন্য প্রার্থনা করেন।

টিআরটির প্রতিবেদন বলছে, তুরস্ক পুরো সংঘাতের সময়জুড়ে একটি দৃঢ় কূটনৈতিক অবস্থান বজায় রেখেছে। ফিলিস্তিনিদের মানবিক সহায়তা নিয়ে কথা বলা থেকে শুরু করে গাজায় ইসরায়েলের বর্বরতার বিরুদ্ধে ধারাবাহিকভাবে প্রতিবাদ জানিয়েছে।

গাজার বিরুদ্ধে ইসরায়েলের গণহত্যার ৪৬৭তম দিনে এই যুদ্ধবিরতির ঘোষণা আসে। রিপোর্ট অনুসারে, যুদ্ধে ১ লাখ ৫৬ হাজারের বেশি লোক নিহত ও আাত হয়েছে, তাদের বেশিরভাগই নারী ও শিশু। ১১ হাজারেরও বেশি মানুষ নিখোঁজ হয়েছে। ইসরায়েলি বাহিনীর এই ব্যাপক ধ্বংসযজ্ঞ ও মানবিক সংকট সাম্প্রতিক সময়ের সবচেয়ে খারাপ বৈশ্বিক বিপর্যয় বলে বিবেচিত হয়।