নরসিংদীতে ভ্রাম্যমাণ আদালতকে লক্ষ্য করে গুলি

নরসিংদীর রায়পুরার মেঘনা নদীতে অভিযান চালকালে অবৈধ বালু মহালের ড্রেজার থেকে ভ্রাম্যমাণ আদালতকে লক্ষ্য করে গুলি করার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে উপজেলার চরমধূয়া এলাকার মেঘনা নদীতে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদ রানা।

উপজেলা অফিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, মেঘনা নদীতে অবৈধভাবে দুটি স্থানে বালু উত্তোলন করার খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলাম ও জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাজ্জাদ পারভেজসহ সঙ্গীয় ফোর্স নিয়ে ভ্রাম্যমাণ আদালতে অভিযান শুরু হয় । এসময় ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বালু ইজারা নিয়ে নরসিংদীর রায়পুরার চরমধূয়া সীমান্তে এসে বালু উত্তোলন করার দায়ে একটি ড্রেজার জব্দ এবং দু্ই জনকে আটক করে ১০ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

পরে স্পিডবোট যোগে একই এলাকার অন্য একটি অবৈধ বালু মহালে অভিযানে গেলে ড্রেজার থেকে ভ্রাম্যমাণ আদালতকে লক্ষ্য করে গুলি করা হয়। এসময় পর্যাপ্ত ফোর্স না থাকায় অভিযান পরিচালনা না করেই পিছু হটে ভ্রাম্যমাণ আদালত। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানা বলেন, আমাদের মোবাইল টিম সেখানে পৌঁছার আগেই  একটি ড্রেজার থেকে গুলি করা শুরু করে। এসময় আমাদের সাথে পর্যাপ্ত সংখ্যক ফোর্স না থাকায় চলে আসি। ইতোমধ্যে তথ্য সংগ্রহ করেছি কে বা কারা এর সঙ্গে জড়িত । তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছি।