যশোরের অভয়নগর উপজেলায় ভর্তুকির সরকারি সার পাচারের সময় চারটি ট্রাকে ভর্তি ১ হাজার ৭৬০ বস্তা ডিএপি সার জব্দ করা হয়েছে। গত বুধবার রাতে উপজেলার চেঙ্গুটিয়া বাজারের পাশ থেকে পুলিশ এ সার আটক করে। চার ট্রাকে বোঝাই ঐ সার জব্দ করে অভয়নগর থানায় আনা হয় ।
নওয়াপাড়া কৃষি অফিস ও পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে নওয়াপাড়ার চেঙ্গুটিয়া ওয়েব্রিজের পাশ থেকে ট্রাকগুলো জব্দ করা হয়। ট্রাক ড্রাইভাররা ঐ সারের সঠিক কাগজপত্র দেখাতে না পারায় ট্রাকভর্তি সারসহ তাদের আটক করা হয়।
অভয়নগর উপজেলা কৃষি কর্মকর্তা মোসাম্মদ লাভলী খাতুন জানান, আমরা গোপন সংবাদ পেয়ে গত বুধবার রাত ১০টার সময় উপজেলার চেঙ্গুটিয়া ওয়েব্রিজের পাশ থেকে চারটি ট্রাকে ভর্তি ১ হাজার ৭৬০ বস্তা ডিএপি সার জব্দ করি। এ সময় ঐ ট্রাকের ড্রাইভাররা যে কাগজপত্র দেখিয়েছেন তাতে সন্তোজনক মনে হয়নি। এদের মধ্যে দুটি ট্রাকে নাটোরের সিংড়ার ব্যবসায়ী আবু বক্কার সিদ্দিক ও আশুতোষ কুমার সাহার নামে রয়েছে। ঐ দুটি ট্রাকে ৮৮০ বস্তা ডিএপি রয়েছে।
অন্য একটি ট্রাকে মেসার্স আদর্শ ট্রেডিং করপোরেশন ভেড়ামারা কুষ্টিয়ার ঠিকানায় ৪৬০ বস্তা এবং আব্দুর রাজ্জাক রাজবাড়ী সদরের ঠিকানায় ৪২০ বস্তা সার ছিল। ঐ সারের মধ্যে নওয়াপাড়ার আমদানিকারক প্রতিষ্ঠান সাইফুল্লাহ তাকওয়া থেকে ৮৬০ বস্তা ও তাইবা সাইফুল্লাহ এস এ-এর কাছ থেকে ৯০০ বস্তা বরাদ্দ নেওয়া হয়েছে এবং সারগুলো বরিশাল উজিরপুরের তানিয়া এন্টার প্রাইজ, ঝালকাঠি সদরের বিসমিল্লাহ ষ্টোর ও বন্ধন ট্রেডার্স এবং রাজশাহীর দুর্গাপুরের এস এস এন্টার প্রাইজের ঠিকানায় নেওয়ার কথা ছিল ।
জানতে চাইলে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমাদুল করিম বলেন, চার ট্রাকভর্তি ১ হাজার ৭৬০ বস্তা ডিএপি সার থানায় এনে রাখা হয়েছে। ঐ সারের কাগজপত্র যাচাই- বাছাই করা হচ্ছে। এখনো থানায় থানায় মামলা হয়নি। কৃষি কর্মকর্তা এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন।