গোপালগঞ্জের কাশিয়ানীতে ঘনকুয়াশায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। নিহতরা মোটরসাইকেলটির আরোহীর ছিলেন, তারা তিনজনই বন্ধু।
শুক্রবার (১৭ জানুয়ারি) ভোর ৫টার দিকে কাশিয়ানী উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের হিরন্যকান্দি সাম্পান হাইওয়ে রেস্টুরেন্টের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, বাবুল নাগের ছেলে বিশার নাগ (১৬), পিঙ্গোলিয়া গ্রামের মনিরুল মৃধার ছেলে রিদয় মৃধা (১৬) এবং উপজেলার পোনা গ্রামের বিসু দাসের ছেলে দিপু দাস (১৮)। নিহতদের মধ্যে বিশার নাগ ও রিদয় পুনা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র। দিপু দাস তাদেরই বন্ধু।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, শুক্রবার ভোরে তিন বন্ধু মিলে খেজুরের রস খাওয়ার জন্য মোটরসাইকেলযোগে কাশিয়ানী থেকে কালি নগরের দিকে যাচ্ছিল। এসময় তাদের মোটরসাইকেলটি ঢাকা-খুলনা মহাসড়কের হিরন্যকান্দি এলাকায় পৌঁছালে ঘনকুয়াশায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনস্থলেই তিনজন নিহত হয়।
কাশিয়ানী থানার ওসি মো. শফিউদ্দিন খান বলেন, তিন বন্ধু মিলে খেজুরের রস খাওয়ার জন্য মোটরসাইকেল করে যাচ্ছিল। এ সময় মহাসড়কের সাম্পান রেস্টুরেন্টের সামনে পৌঁছালে খুলনাগামী যাত্রীবাহী বাসের সঙ্গে সংর্ঘষ হয়। এতে তিনজনই মারা যায়। ঘাতক বাসটি পালিয়ে গেছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।