হার্ডিঞ্জ ব্রিজে আড্ডায় ছাত্রলীগ নেতা, পুলিশে দিলো যুবদলের কর্মীরা

নাটোর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম মাসুমকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সদ্য সাবেক এই নেতাকে পাবনার ঈশ্বরদী উপজেলার হার্ডিঞ্জ ব্রিজের নিচ থেকে পুলিশে সোপর্দ করেন যুবদলের নেতারা।

গ্রেপ্তার রিয়াজুল ইসলাম মাসুম সদর আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) শফিকুল ইসলাম শিমুলের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত। তিনি নাটোর শহরের বড় হরিশপুর এলাকার মৃত ওমর আলী ভূঁইয়ার ছেলে। গত ৫ আগস্টের পর একাধিক মামলার আসামি হয়ে তিনি পলাতক ছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, বৃহস্পতিবার পাবনার হার্ডিঞ্জ ব্রিজের নিচে অবস্থান করছিলেন মাসুম। সেখানে কয়েকজনকে সঙ্গে নিয়ে আড্ডা দিচ্ছিলেন তিনি। এসময় তাকে দেখতে পেয়ে নাটোর যুবদলের কর্মীদের খবর দেয় স্থানীয়রা। পরে তাকে সেখান  থেকে ধরে এনে পুলিশের হাতে তুলে দেয় যুবদলের নেতার্কমীরা।

সদর থানা চত্বরে জেলা যুবদলের প্রচার সম্পাদক আব্দুল মালেক বলেন, ‘আমাদের কিছু ছেলে বৃহস্পতিবার বিকেলে পাবনার হার্ডিঞ্জ ব্রিজের নিচে অবস্থান করছিল। তারা এ সময় দেখতে পায় মাসুম কিছু লোককে সঙ্গে নিয়ে বসে কথা বলছে। ছেলেরা আমাদের জানালে আমার তাকে পুলিশের কাছে সোপর্দ করি।’

নাটোর সদর থানার ওসি মাহবুর রহমান বলেন, বিকেলে পাবনার রুপপুর এলাকায় বিভিন্ন মামলার আসামি রিয়াজুল ইসলাম মাসুমকে নাটোরের কিছু লোকজন ঘোরাফেরা করতে দেখেন। পরে বিষয়টি আমাদের জানালে তাকে গ্রেপ্তার করা হয়। মাসুমের বিরুদ্ধে ছাত্র আন্দোলনে হামলা, নির্যাতন ও হত্যাসহ ৭টি মামলা রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে নেওয়া হবে।