নরসিংদীতে ট্রাক-বাসের ত্রিমুখী সংঘর্ষ, আহত ৮ 

নরসিংদীর পলাশ উপজেলায় দুই ট্রাক ও বাসের ত্রিমুখী সংঘর্ষে আটজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। ফায়ার সার্ভিস জানায়, সবার অবস্থা গুরুতর।

শুক্রবার (১৭ জানুয়ারি) সকাল ৬টার দিকে নরসিংদীর উপজেলার ঘোড়াশাল-পাঁচদোনা আঞ্চলিক সড়কের ভাগদী কদমতলা এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, শরিয়তপুরের আব্দুল সাত্তার গাজীর ছেলে ট্রাকচালক সালাউদ্দিন (৩০), দেবীগঞ্জ নতুন বন্দর এলাকার শামসুল হকের ছেলে বাসচালক আশরাফুল ইসলাম (৩০), পঞ্চগড়ের হাডিবাসা গ্রামের গোলাম মোস্তফার ছেলে বাস যাত্রী জজ মিয়া (৩০), নীলফামারীর মৃত নজরুল ইসলামের ছেলে রনি (২৯), দেবীগঞ্জের বড়তলী গ্রামের আজিজ মিয়ার ছেলে রফিক (২৮), সোনাহার এলাকার আব্দুল সাত্তারের ছেলে সেলিম মিয়া (২৮), নীলফামারীর নুর মোহাম্মদের ছেলে সুমন ইসলাম (৩০) ও রংপুরের পীরগঞ্জ এলাকার শশী চন্দ্র ধরের ছেলে সুকুমার (৩০)।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, শুক্রবার সকাল ৬টার দিকে ঘোড়াশাল পৌর এলাকার ভাগদী কদমতলা সড়কে পাঁচদোনা থেকে ছেড়ে আসা দ্রুতগামী ট্রাক ও বিপরীত পাশ থেকে আসা দোয়েল পরিবহনের একটি যাত্রীবাহী বাস ওভারটেক করতে গিয়ে সংঘর্ষ হয়। এ সময় দুর্ঘটনা কবলিত ট্রাকের সঙ্গে আরও একটি ট্রাকের সংঘর্ষ হয়। পরে এ সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

পলাশ ফায়ার সার্ভিসের দায়িত্বরত স্টেশন অফিসার মো. বেলাল আহমেদ জানান, ট্রাক ও বাসের ত্রিমুখী সংঘর্ষে ট্রাকচালক সালাউদ্দিন ও বাসচালক আশরাফুল ইসলামের অবস্থা আশংকাজনক। এছাড়া বাসের আরও ছয় যাত্রীর অবস্থাও গুরুতর। আমরা ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছি।