আন্তর্জাতিক বাণিজ্য মেলা

পণ্যের বাড়তি দামে ট্যাগ, মূল্যছাড়ের নামে প্রতারণা

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ২৯তম আসরের সাপ্তাহিক ছুটির পঞ্চম দিনে গতকাল শুক্রবার শীত উপেক্ষা করে ক্রেতা ও দর্শনার্থীদের পদচারণায় লোকারণ্য বাণিজ্য মেলা। গতকাল ছিল উপচে পড়া ভিড়। বিকাল থেকেই মেলা প্রাঙ্গণ মানুষে কানায় কানায় পরিপূর্ণ হয়। পণ্য কেনায় ব্যস্ত ক্রেতারা। কিছু স্টলে ক্রেতাদের হাতে পণ্য তুলে দিতে হিমশিম খেতে হয়েছে বিক্রয় প্রতিনিধিদের।

এদিকে ঢাকা বাইপাস সড়কে দীর্ঘ যানজটের কারণে বাণিজ্য মেলায় আগত ক্রেতা ও দর্শনার্থীরা ভোগান্তিতে পড়েন। নির্মাণাধীন এ সড়কের ধুলাবালিতে দর্শনার্থীদের দুর্ভোগ বেড়ে যায়। কাঞ্চন সেতুর পূর্ব পাশে টোলপ্লাজা এলাকায় যানজটে ভোগান্তিতে পড়েন তারা। তবে ঢাকা থেকে বাণিজ্য মেলায় আগতরা যানজটমুক্ত সড়কে স্বাচ্ছন্দ্যে আসা-যাওয়া করছেন।

মেলার ঢাকা থেকে দূরে হওয়ায় পণ্য বহনে ভোগান্তির কথা চিন্তা করে কেউ কেউ নিজ নিজ এলাকার শো-রুম থেকে পণ্য সংগ্রহ করবেন মর্মে মেলায় এসেছেন। পণ্য পছন্দ করে ক্রয় করেছেন। কেউ-বা অর্ডার দিয়েছেন। হোম ডেলিভারি ফ্রি সার্ভিসে অনেকেই মালামাল কিনছেন।

বিগত সময়ে ম্যানুয়াল টিকিটের কারণে ভোগান্তি হলেও এবার মেলায় ই-টিকিটিংয়ের ব্যবস্থা থাকায় দর্শনার্থীরা স্বাচ্ছন্দ্যেই মেলায় প্রবেশ করতে পেরেছেন। প্রবেশ গেটে কোনো ভিড় ছিল না। স্বাচ্ছন্দ্যে ধাক্কাধাক্কি ছাড়াই আগতরা মেলায় প্রবেশ করেছেন। মেলায় বিভিন্ন দেশি-বিদেশি ব্র্যান্ডের গৃহস্থালি সামগ্রী, প্রসাধনী, ইলেকট্রনিক্স, ফার্নিচারসহ বিভিন্ন পণ্যের পসরা সাজিয়ে বিক্রি করেছেন ব্যবসায়ীরা।
মেলায় শিশুদের জন্য করা শিশু পার্কে ভিড় দেখা গেছে। এছাড়া মেলার ভেতরে পণ্যের মূল্য কয়েক গুণ বেশি ট্যাগ লাগিয়ে বিক্রি হচ্ছে। যে পণ্য বাইরে ৫০০ টাকায় পাওয়া যায়, সেই পণ্য মেলার ভেতরে ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৫০০ টাকা বিক্রি হচ্ছে। তবে পণ্যে বেশি দামের ট্যাগ লাগিয়ে ৫০ শতাংশ পর্যন্ত ছাড়ে বিক্রি হচ্ছে দেদার।

মেলার শুরুর দিকে প্রত্যাশার চেয়ে তিন গুণ দর্শনার্থীর সমাগম হয়েছে। এবার ইপিবি আগে থেকে স্টল বরাদ্দ দেওয়ায় সিংহভাগ দোকান আগেভাগেই নির্মাণকাজ শেষ করে ফেলে।

মেলার ইজারাদার ডিজি ইনফোটেক লিমিটেডের হেড অব অপারেশন আমিনুল ইসলাম জানান, শীত ও ঘন কুয়াশা উপেক্ষা করে গতকাল শুক্রবার লক্ষাধিক ক্রেতা ও দর্শনার্থী টিকিট কেটে মেলায় প্রবেশ করেছে।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সচিব পরিচালক বিবেক সরকার বলেন, বাণিজ্য মেলা এবার শুরু থেকেই জমে উঠেছে। তীব্র শীত উপেক্ষা করে মেলায় দর্শনার্থীরা আসেন। গতকাল শুক্রবার ক্রেতা-দর্শনার্থীদের আগমনে মেলা প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে। এবারের মেলা ব্যবসা সফল।

এ বছর মেলা ক্রেতামুখী করতে কম দামে নিজেদের প্রেডাক্ট ছেড়েছে বিভিন্ন কোম্পানি। রয়েছে বিশেষ ছাড়ও। মেলায় প্রধান প্রধান পণ্য তালিকায় রয়েছে মেশিনারিজ, কার্পেট, প্লাস্টিক পণ্য, কসমেটিকস, ইলেকট্রিক্যাল, পাটজাত পণ্য, লেদার, স্পোর্টস গুডস, জুয়েলারি ইত্যাদি।

মেলায় নিরাপত্তার দিকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। নিরাপত্তার স্বার্থে একই সঙ্গে মেলায় প্রস্তুত রয়েছেন র‍্যাব-পুলিশ ও আনসার সদস্যরা। অগ্নিদুর্ঘটনা এড়াতে রয়েছে ফায়ার ব্রিগেডের ব্যবস্থা। এছাড়া মেলার চারপাশে থাকছে সিসি টিভি।