মুন্সীগঞ্জের মাঠে ছুটির দিনে ফুটবল খেলাই হচ্ছে সবচেয়ে বড় বিনোদন। প্রিমিয়ার ফুটবল লিগের খেলা দেখতে নানা জায়গা থেকে দর্শক চলে আসেন। পরিবার নিয়েও কেউ আসেন। ৯০ মিনিটের খেলা দেখতে দর্শকের আগ্রহের কমতি থাকে না। আর খেলাটা যদি মোহামেডান কিংবা আবাহনীর হয় তাহলে তো কথাই নেই। এই দুটি দলের জনপ্রিয়তা আকাশচুম্বী।
গতকাল মুন্সীগঞ্জে প্রিমিয়ার লিগে অষ্টম জয় তুলে নিয়েছে মোহামেডান। লিগের টানা ৮ জয়। লিগের অষ্টম রাউন্ডে মোহামেডান ১-০ গোলে হারিয়েছে ব্রাদার্স ইউনিয়নকে। ১২ মিনিটে ম্যাচের একমাত্র গোলটি করেন নাইজেরিয়ান ফরোয়ার্ড এমানুয়েল সানডে। প্রিমিয়ার ফুটবল লিগে মোহামেডানের টানা অষ্টম জয়। ৮ খেলায় ২৪ পয়েন্ট। ব্রাদার্স ৪ নম্বরেই রয়ে গেলো, ৮ খেলায় ৪ জয়ে ১৪ পয়েন্ট নিয়ে।
জুয়েলের কাছ থেকে ব্রাদার্সের রহমত মিয়াকে ফাঁকি দিয়ে এমানুয়েল সানডে দারুণ এক গোল করেন। খেলার অবশিষ্ট ৭৮ মিনিট চেষ্টা করে ব্রাদার্স গোল শোধ করতে পারেনি। মোহামেডান একাধিক গোলের এমানুয়েল সানডে সুযোগ কাজে লাগাতে পারেনি। ব্রাদার্সও গোল মিসের মহড়া দিয়েছে। বিশেষ করে খেলার শেষ দিকে ব্রাদার্স ওপেন নেট মিস করেছে।
চট্টগ্রাম আবাহনীর প্রথম জয়
প্রিমিয়ার ফুটবল লিগে ৭ ম্যাচ পর জয়ের দেখা পেয়েছে চট্টগ্রাম আবাহনী। ময়মনসিংহের মাঠে চট্টগ্রাম আবাহনী ১-০ গোলে হারিয়েছে পুলিশকে। ৫৪ মিনিটে ফাহিম মোরশেদের একমাত্র গোলে এবারের লিগে প্রথম জয়ের মুখ দেখল। চট্টগ্রাম আবাহনীর চেয়ে পুলিশ শক্তি দল হলেও তারা এবার পরিকল্পনার অভাবে বাজে রেজাল্ট করছে।