গত ১৫ বছরে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের নির্যাতন করা ছাত্রলীগের নেতা-কর্মীদের বিচারসহ ১০ দফা দাবিতে মানববন্ধন করেছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।
শনিবার (১৮ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, গত ১৫ বছরে বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ নেতা-কর্মীদের মাধ্যমে অনেক সাধারণ শিক্ষার্থী নির্যাতনের শিকার হন। ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর প্রশাসনের কাছে ছাত্রলীগ নেতা-কর্মীদের অনেকগুলো নির্যাতনের অভিযোগ গেলেও প্রশাসন সে বিষয়ে এখনো কোনো পদক্ষেপ নেননি। হলের ছাত্রলীগ নেতা-কর্মীদের রুমে অস্ত্র পেলেও সেটা নিয়ে এখনো কোনো মামলা হয়নি। আমরা অতিদ্রুত ছাত্রলীগের সন্ত্রাসী কার্যক্রমের বিচার চাই।
মানববন্ধনে শিক্ষার্থীদের দেওয়া ৯ দফা দাবিগুলো হলো- ১) নির্যাতিত শিক্ষার্থীদের আবেদনের প্রেক্ষিতে অবিলম্বে সন্ত্রাসীদের বিচার করতে হবে। ২) আগামী ৩ কর্ম দিবসের মধ্যে বিচারকার্য সম্পন্ন না করলে অবস্থান কর্মসূচী এবং অনশন কর্মসূচী। ৩) হলের অস্ত্রের বিষয়ে প্রশাসনকে দ্রুত মধ্যেই মামলা দায়ের করতে হবে। ৪) চিহ্নিত সন্ত্রাসীদের শিক্ষাকালীন সময়ে সন্ত্রাসী কার্যক্রমের জন্য সনদপত্র বাতিল করতে হবে। ৫) চব্বিশের আন্দোলনসহ ইতিপূর্বে ঘটা সকল নির্যাতনের সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। ৬) তদন্ত কমিটির তদন্ত রিপোর্ট আগামী ২ কর্মদিবসের মধ্যে শিক্ষার্থীদের মাঝে প্রকাশ করতে হবে। ৭) হলে এবং ক্যাম্পাসে প্রক্টরিয়াল বডির মনিটরিং বৃদ্ধি করতে হবে, শিক্ষার্থীদের নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করতে হবে। ৮) বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা সেলের কার্যক্রম জোরদার করতে হবে, ক্যাম্পাসে চুরি-রাহাজানির মতো ঘটনার পুনরাবৃত্তি বন্ধ করতে হবে। ৯) নির্যাতিত শিক্ষার্থী, চব্বিশের আন্দোলনে আহত শিক্ষার্থীদের ক্ষতিপূরণ দিতে হবে ১০) অতিদ্রুত আবাসিক হল খুলে দিতে হবে।
মানববন্ধনে শিক্ষার্থীদের মধ্য থেকে কথা বলেন, পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ইরফান বিন হাবিব, অর্থনীতি বিভাগের আবু শামা, ইংরেজি বিভাগের মো. মোরসালিন, বাংলা বিভাগের মো. মইন উদ্দিন, ব্যবসায় প্রশাসন বিভাগের মিরাজুল ইসলাম। মানববন্ধনে সঞ্চালনা করেন বাংলা বিভাগের শিক্ষার্থী কাউসার হোসেন।