যমুনায় অবৈধ বালু উত্তোলন, নৌ পুলিশের কাছে আটক ৬ 

মানিকগঞ্জের শিবালয় উপজেলার আলোকদিয়া চরে যমুনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ছয় জনকে আটক করেছে দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ি। এ সময় ২টি ড্রেজার জব্দ করা হয়।

শুক্রবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এনামুল হক।

আটককৃতরা হলেন, মো. হোসেন, আবু তালেব, সাইদুল খান, ইমাম হোসাইন, সামাদ শেখ ও মুতছালিন বাহাদুর। 

দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এনামুল হক জানান, নৌ পুলিশের ফরিদপুর অঞ্চলের পুলিশ সুপার আব্দুল্লাহ আল-মামুনের তত্ত্বাবধানে প্রতিনিয়ত অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় শুক্রবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির একটি দল আলোকদিয়া চরের তারখাম্বার পাশে যমুনা নদীতে অভিযান চালায়। এ সময় ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনকালে ৬ জনকে আটক করা হয়। এছাড়াও জব্দ করা হয় ২টি ড্রেজার। ড্রেজার দুটির মূল্য প্রায় ১ কোটি ২৫ লক্ষ টাকা। 

তিনি আরও জানান, আটককৃতদের বিরুদ্ধে শিবালয় থানায় মামলা প্রক্রিয়াধীন। ভবিষ্যতেও এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।