সাইফ আলী খানের উপর হামলার খবর বৃহস্পতিবার সকাল থেকে ছড়িয়ে পড়তেই আতঙ্কে ভুগছে মুম্বাইয়ের বান্দ্রা এলাকার বাসিন্দারা। চলচ্চিত্র জগতের তারকাদের পাড়া হিসেবে পরিচিত এই এলাকায় বসবাসকারী তারকারা জানিয়েছেন তাদের উদ্বেগের কথা।
বলিউড অভিনেত্রী পূজা ভট্ট প্রশ্ন তুলেছেন দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। এক্স হ্যান্ডলে তিনি লিখেছেন, ‘আইন ও শৃঙ্খলা। আমাদের আইন রয়েছে...। শৃঙ্খলাটা কোথায়?’
'দেবারা' সিনেমার সহ-অভিনেতা জুনিয়র এনটিআর সইফের দ্রুত আরোগ্য কামনা করেছেন। একই সঙ্গে তিনি হতবাক। এক হ্যান্ডলে তিনি লিখেছেন, ‘সাইফ আলি খানের ওপর আক্রমণের ঘটনা শুনে আমি হতবাক। তার দ্রুত আরোগ্য কামনা করি।’ আর-এক দক্ষিণি অভিনেতা চিরঞ্জীবীও লিখেছেন, 'খুবই খারাপ লাগছে, খবরটা শুনে, দ্রুত আরোগ্য কামনা করি।'
চলচ্চিত্র জগতের পরিচিত নাম রাজ নায়েকও পূজার মতোই আতঙ্কিত। তিনি প্রশ্ন তুলেছেন বান্দ্রা এলাকার নিরাপত্তা নিয়ে। লিখেছেন, ‘মারাত্বক খবরে বিচলিত! এই নিয়ে তৃতীয়বার বান্দ্রা এলাকা থেকে এমন খবর পেলাম।’
উল্লেখ্য, গতকাল রাতে মুম্বাইয়েল অভিজাত বান্দ্রা এলাকায় অবস্থিত সাইফের বাড়িতে ঢুকে চুরির চেষ্টা, হামলার ঘটনা ঘটে! বলিউডের জনপ্রিয় এই অভিনেতার পরিবারের অনেকেই বলিউডের জনপ্রিয় অভিনেত্রী। এবার রুপালি দুনিয়ার ঝকঝকে তারকার বাড়িতেও হলো লুট! আর তা আটকাতে গিয়ে আহত হলেন সাইফ।
বুধবার গভীর রাতে সইফের বাড়িতে চড়াও হয় একদল দুষ্কৃতকারী। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, ডাকাতির উদ্দেশ্যেই তারা ঢুকেছিল সাইফের বাড়িতে। কিন্তু পরিচারকদের চিৎকারে ঘুম ভেঙে বেরিয়ে আসেন সাইফ। তখনই তার সঙ্গে হাতাহাতি হয় দুষ্কৃতকারীদের। হাতে, ঘাড়ে, মেরুদণ্ডে ছুরি দিয়ে আঘাত করা হয়েছে তাকে।
আপাতত তিনি মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে চিকিৎসাধীন। এদিকে মুম্বাই পুলিশের অপরাধ দমন শাখার সদস্যেরা ঘটনার তদন্ত শুরু করেছেন।