আন্দোলনে সাড়া না দেওয়ায় নারায়ণগঞ্জে সংঘর্ষে জড়ালো দু’পক্ষ

নারায়ণগঞ্জের ফতু্ল্লায় গার্মেন্টস শ্রমিকদের দুই পক্ষে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় মাদার কালার ও আরএস গার্মেন্টস নামের দুই কারখানায় ভাঙচুরের ঘটনা ঘটে। সংঘর্ষের পর আশপাশের কয়েকটি কারখানা বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

রোববার (১৯ জানুয়ারি) দুপুরে ফতুল্লার শাসনগাঁও এলাকায় এ ঘটনা ঘটে।

মাদার কালার গার্মেন্টস কারখানার অ্যাসিস্ট্যান্ট এডমিন ম্যানেজার শাহনেওয়াজ জানান, রিপন একজন শ্রমিক ৪ দিন অনুপস্থিত ছিলেন। রোববার কাজে যোগ দেওয়ার পরে কারখানার সুপারভাইজার মিজান তাকে ধমক দেন। এ নিয়ে তর্কের একপর্যায়ে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। বিষয়টি জানাজানি হলে শ্রমিকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে গার্মেন্টস কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করে। পরে ঘটনাকে কেন্দ্র করে মাদার কালার গার্মেন্টসের শ্রমিকরা আরএস গার্মেন্টসের শ্রমিকদের আন্দোলনে যোগ দেওয়ার আহ্বান জানান। কিন্তু আরএস গার্মেন্টসের শ্রমিকরা আন্দোলনে যোগ না দিলে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই পক্ষ। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

শিল্প পুলিশের এসপি আসাদুজ্জামান বলেন, ঘটনার পরপরই একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিজিবি সেনাবাহিনী পুলিশসহ আইন-শৃঙ্খলা বাহিনী গার্মেন্টস কারখানা আশপাশে অবস্থান করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।