উদ্যোক্তাদের বন্ধু শাহিন’স হেল্পলাইন

ছোটবেলায় ক্লাস থ্রিতে পড়েছেন তিনবছর, তিনটি ভিন্ন ভিন্ন স্কুলে। কিন্তু যখন প্রাতিষ্ঠানিক লেখাপড়া শেষ করেন, তখন দুটি মাস্টার্স ডিগ্রি তাঁর দখলে। নিজে মানবিক বিভাগের ছাত্র হলেও গড়ে তুলেছিলেন বৃহত্তর মিরপুর সায়েন্স ক্লাব অ্যাসোসিয়েশন। পড়াশোনা শেষে দীর্ঘ ১২ বছরের সফল ক্যারিয়ারকে বিদায় জানিয়ে শাহিন’স হেল্পলাইনের মাধ্যমে শুরু করেন উদ্যোক্তা তৈরির নতুন আরেকটি আন্দোলন। শাহিন’স  হেল্পলাইন-এর প্রতিষ্ঠাতা এবং সিইও মো. আমিনুল ইসলামের সাক্ষাত্কারটি নিয়েছেন আসাদুজ্জামান রাজিব

 

কেন এই উদ্যোগ নিতে আগ্রহী হলেন? 

নতুন উদ্যোক্তা এবং বেসরকারি প্রতিষ্ঠানগুলো যাতে সহজে তাদের সহায়ক তথ্য পেতে পারেন, সে জন্য ফেসবুকে একটি পেজ খোলার মাধ্যমে তথ্য আদান-প্রদান করার জন্যই মূলত শাহিন’স হেল্প লাইনের জন্ম। সেখানে নিজের চাকরির পাশাপাশি নিয়মিতভাবে বেসরকারি প্রতিষ্ঠানের জন্য বিভিন্ন দাতা সংস্থার তথ্য, বিভিন্ন অনুষ্ঠানের সময়সূচি, উদ্যোক্তাদের জন্য প্রয়োজনীয় তথ্য, প্রশিক্ষণ সিডিউলসহ ইত্যাদি বিষয় নিয়মিতভাবে আপলোড করা হতো। অল্প কিছুদিনের মধ্যেই পেজটি তথ্য সংগ্রহের একটি গুরুত্বপূর্ণ সোর্স হিসেবে পরিচিতি লাভ করতে সক্ষম হয়। আর এভাবেই শাহিন’স হেল্পলাইনের যাত্রা শুরু।

শাহিন’স হেল্পলাইনের সেবাসমূহ কিভাবে একজনকে সহযোগিতা করে থাকে?

শাহিন’স হেল্পলাইন থেকে পরামর্শ নিতে কোনো টাকা লাগে না, আপনি চাইলে যেকোনো মাধ্যমে আপনি আপনার প্রয়োজনীয় তথ্যটি সংগ্রহ করতে পারেন। এরপর যদি বাস্তবিক অর্থে কোনো সেবা কেউ নিতে চায়, যেমন :কোনো প্রকল্প প্রস্তাবনা তৈরি করা, লাইসেন্স তৈরি করা ইত্যাদি; সেক্ষেত্রে কিছু সার্ভিস চার্জ নেওয়া হয়ে থাকে। শাহিন’স হেল্পলাইন নতুন উদ্যোক্তাদের জন্য বাংলাদেশে প্রথম হোম সার্ভিস ট্রেড লাইসেন্স সেবা চালু করেছে। সেবাসমূহ সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করতে পারেন www.shahins-helpline.com অথবা www.facebook.com/shahinshelpline 

কোনো উদ্যোক্তা যদি মনে করেন যে, তাদের ব্যবসার যাবতীয় লিগ্যাল ডক্যুমেন্ট আমাদের দিয়ে করাবেন, তাহলে আমরা তার সে ডক্যুমেন্টগুলো করে দিয়ে থাকি। আমরা বিভিন্ন সময়ে উদ্যোক্তা বিষয়ক প্রশিক্ষণের আয়োজন করে থাকি। উদ্যোক্তাদের জন্য সমসাময়িক বিষয়ের ওপর নিয়মিতভাবে লেখালেখি করা, এটাও আমাদের কাজের একটি বড় অংশ। আমরা এরমধ্যে ‘উদ্যোক্তার অ আ, ক খ’ ও ‘উদ্যোক্তার প্রি-স্কুল’ নামে দুটি বই বের করেছি। এছাড়া একটি প্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে ‘Pre-Step of Entreprenuership’ এবং ‘Leadership Development’ নামে দুটি ভিডিও সিরিজ বের করেছি। বর্তমানে আমরা ‘শাহিন’স অডিও’ নামেও একটি অডিও ব্লগের কাজ শুরু করেছি।

শাহিন’স হেল্পলাইনের সফলতা-ব্যর্থতা কিভাবে মূল্যায়ন করবেন?

আসলে আমি সফলতায় বিশ্বাস করি না, স্বার্থকতায় বিশ্বাস করি। তারপরও বলতে হয় আমরা কিছু কিছু ক্ষেত্রে সফলতার স্বাদ পেয়েছি। যেমন :Bdosn কর্তৃক পরিচালিত ফেসবুক গ্রুপ ‘চাকরি খুঁজব না, চাকরি দেব’ থেকে ২০১৫ সালে ‘নবীন উদ্যোক্তা স্মারক’ ও ২০১৭-তে ‘উদ্যোক্তা সম্মাননা অজন’ করি। শাহিন’স হেল্প লাইন একমাত্র পরামর্শক প্রতিষ্ঠান, যা UPWORK-এর মতো আন্তর্জাতিক প্লাটফর্মে জায়গা করে নিয়েছে বাংলাদেশের অন্যান্য প্রতিষ্ঠানের সঙ্গে। BYEAH-এর সঙ্গে উদ্যোক্তা উন্নয়নে মেন্টর হিসেবে কাজ করছি। এসএমই ফাউন্ডেশনে ট্রেনার হিসেবে কাজ করছি। শাহিন’স হেল্পলাইন ব্র্যাক ব্যাংকের নারী উদ্যোক্তাদের জন্য বিশেষ সেবা ‘তারা’ প্রোগ্রামের বিজনেস লিগ্যাল ডক্যুমেন্ট পার্টনার হিসেবে কাজ করছে। শাহিন’স হেল্পলাইন ইবিএল-এর বিজনেস লিগ্যাল ডক্যুমেন্ট পার্টনার হিসেবে কাজ করছে।