শান রাজ্যের বিদ্রোহীদের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি করেছে মিয়ানমার জান্তা

মিয়ানমারের সামরিক বাহিনী ও শান রাজ্যের বিদ্রোহী গোষ্ঠী মিয়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মি আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতি চুক্তি সই করেছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গত শনিবার থেকে এই চুক্তি শুরু হয়েছে।

সোমবার (২০ জানুয়ারি) মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে বলেন, চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ঘেঁষা শান রাজ্যের শহর কুনমিংয়ে দুই পক্ষ আলোচনা করেছে। তারা শান্তি প্রচারের প্রচেষ্টার জন্য বেইজিংকে ধন্যবাদ জানিয়েছে।

মাও বলেন, চীন সক্রিয়ভাবে শান্তি ও সংলাপের প্রচার অব্যাহত রাখবে। আমরা উত্তর মিয়ানমারে শান্তি প্রক্রিয়ায় সমর্থন ও সহায়তা প্রদান করব।

ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মি দেশটির বেশ কয়েকটি শক্তিশালী জাতিগত সংখ্যালঘু সশস্ত্র গোষ্ঠীর মধ্যে একটি। এরা তাং ন্যাশনাল লিবারেশন আর্মি এবং আরাকান আর্মির সঙ্গে 'থ্রি ব্রাদারহুড জোটের' অংশ।

২০২৩ সালের অক্টোবরের শেষের দিকে সামরিক জান্তার বিরুদ্ধে আক্রমণ শুরু করে গোষ্ঠীটি। তারা চীন সীমান্তের নিকটবর্তী অঞ্চল দখল করে। গত জুলাইয়ে তারা জানায়, চীন সীমান্তের কাছে একটি বড় সামরিক ঘাঁটির নিয়ন্ত্রণ নিয়েছে তারা।

বিশ্লেষকরা বলছেন, জান্তাবিরোধী শক্তিগুলো গুরুত্বপূর্ণ সীমান্ত এলাকা থেকে সামরিক বাহিনীকে হটিয়ে মধ্যাঞ্চলীয় শহর মান্দালয়ের দিকে অগ্রসর হতে শুরু করায় চীন উদ্বিগ্ন।

২০২১ সালের ফেব্রুয়ারিতে মিয়ানমারের বেসামরিক সরকারের কাছ থেকে ক্ষমতা দখল করে দেশটিকে সংকটে ফেলে দেয় সেনাবাহিনী।

চীন আশঙ্কা করছে, মিয়ানমারের সঙ্গে তাদের দুই হাজার কিলোমিটারের বেশি দীর্ঘ সীমান্তের এই বিশৃঙ্খলা বিনিয়োগ ও বাণিজ্যকে ঝুঁকিতে ফেলবে।

বেইজিং এর আগে ২০২৪ সালের জানুয়ারিতে উত্তর সীমান্তে একটি যুদ্ধবিরতি চুক্তি করেছিল। তবে কয়েক মাস পরে সেই চুক্তিটি ভেঙে যায়।

তথ্যসূত্র: রয়টার্স