আড়াইহাজারে এক জামাতার লাশ উদ্ধার করা হয়েছে তার শ্বশুর বাড়ি থেকে। জামাতার নাম শাহ আলম (৩২)। মঙ্গলবার বিকালে উপজেলার ফতেহপুর ইউনিয়নের চৌথার কান্দা থেকে শাহ আলমের লাশ উদ্ধার করা হয়েছে। নিহত শাহ আলম উপজেলার ব্রাক্ষন্দী ইউনিয়নের মারুয়াদী গ্রামের আম্মর আলীর ছেলে।
আড়াইহাজার থানার উপপরিদর্শক (এস আই) সিরাজুল ইসলাম জানান, ৩ বছর আগে মারুয়াদী গ্রামের আম্মর আলীর ছেলে শাহ আলমের সঙ্গে পার্শ্ববর্তী গ্রাম চৌথার কান্দার আলাউদ্দিনের মেয়ে সুমির বিয়ে হয়। তাদের সংসারে একটি কন্যা সন্তান জন্মলাভ করে। সোমবার সুমির বাবা আলাউদ্দিন তার মেয়েকে শ্বশুর বাড়ি মারুয়াদী থেকে তার নিজ বাড়িতে নিয়ে আসেন। পরে শাহ আলমের শালিকা শিরিনা তাকে ফোন করে রাতে তাদের বাড়িতে আসতে বলে।
শালিকার ফোন পেয়ে রাত ১০টার দিকে শাহ আলম শ্বশুর বাড়িতে যান। পরদিন মঙ্গলবার দুপুরে স্থানীয় লোকজন বাড়ির পাশে শাহ আলমের লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে।
এ ঘটনায় নিহতের মা মমতাজ বেগম বলেন, ‘আমার ছেলেকে হত্যা করা হয়েছে। আমি এর বিচার চাই।’
আরও পড়ুন: পূর্ব বগুড়ার তিন উপজেলায় ৯৮টি গ্রামে অর্ধলক্ষাধিক মানুষ পানিবন্দি
আড়াইহাজার থানার ওসি মো: নজরুল ইসলাম বলেন, ‘বিষয়টি সন্দেহজনক। বাড়ির সবাই পালিয়ে গেছে। নিহতের গলায় ও অণ্ডকোষে আঘাতের চিহ্ন রয়েছে। তবে মৃত্যুর কারণ ময়না তদন্তের আগে সঠিকভাবে বলা যাচ্ছে না।’
ইত্তেফাক/নূহু