খুলনায় পাউবোর ওয়ার্কশপে ২৬ লাখ টাকার অনিয়ম

খুলনার পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) যান্ত্রিক ওয়ার্কশপের উন্নয়নে ২৬ লাখ টাকার অনিয়মের অভিযোগের সত্যতা পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদুক)। মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে নগরীর জোড়াগেট এলাকায় পাউবোর ওয়ার্কশপে অভিযান চালায় দুদক।

খুলনা দুদকের উপপরিচালক আব্দুল ওয়াদুদ জানান, তারা ৩২ লাখ ৯৬ হাজার ১০১ টাকার পাঁচটি আইটেম সিভিলের কাজ ও মেকানিক্যালের দুটি কাজের বিষয়ে তদন্ত করেন। এর মধ্যে ২৬ লাখ টাকার কাজের প্রমাণ পাওয়া যায়নি। এছাড়া একটি গুদামের মেঝের ইট কর্তৃপক্ষের অনুমতি ছাড়া ঠিকাদারের কাজে ব্যবহার করা হয়। এদিকে স্ক্রাব মালামালও অনুমতি ছাড়া বিক্রির প্রস্তুতি চলছে। 

তিনি আরও বলেন, মেকানিক্যাল বিভাগের ওয়ার্কশপের দুটি কাজের মধ্যে প্রায় ২৬ লাখ টাকার একটি কাজ পাওয়া যায়নি। এছাড়া বাকি চারটি কাজ পাওয়া গেছে। তবে যে বিল দেখানো হয়েছে, তার অনেক কম কাজ হয়েছে। এ ব্যাপারে দুদকের পক্ষ থেকে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।