সিলেটের গোয়াইনঘাটে সড়ক দুর্ঘটনায় রিফাত আহমেদ কিবরিয়া (১৯) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় অঅরেক আরোহী গুরুতর আহত হয়েছেন। বুধবার (২২ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় গোয়াইনঘাট- সালুটিকর সড়কের সতি নামক স্থানে এ ঘটনা ঘটে।
নিহত রিফাত আহমেদ কিবরিয়া উপজেলার নবগঠিত বিছনাকান্দি ইউনিয়নের ভিতরগুল গ্রামের শফিকুর রহমানের ছেলে এবং গোয়াইনঘাট সরকারি কলেজের শিক্ষার্থী। এ ঘটনায় গুরুতর আহত একই গ্রামের ফরিদ উদ্দিনের ছেলে আবু সুফিয়ান। তাকে সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার তোফায়েল আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
পরিবার সূত্রে জানা গেছে, আজ রিফাত ও সুফিয়ান গোয়াইনঘাট সরকারি কলেজ থেকে পরীক্ষায় শেষ করে মোটরসাইকেল যোগে বাড়ি আসছিলেন। পথে লেঙ্গুরা ইউনিয়নের সতি গ্রামে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক রিফাতকে মৃত ঘোষণা করে এবং গুরুতর আহত অবস্থায় আবু সুফিয়ানকে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ বিষয়ে ওসি সরকার তোফায়েল আহমেদ বলেন, সড়ক দুর্ঘটনায় একজন নিহতের খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে পাঠিয়েছি। এছাড়া ঘটনাস্থল পরিদর্শন শেষে মরদেহের প্রাথমিক সুরাতল রিপোর্ট তৈরি করা হয়েছে। পরবর্তী আইনি কার্যক্রমের প্রক্রিয়া চলছে।