জেসিআইয়ের ন্যাশনাল এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট নাবিল

জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) বাংলাদেশ ২০২৫ সালের জন্য তাদের নতুন জাতীয় নির্বাহী কমিটি ঘোষণা করেছে। এই কমিটিতে মুহাম্মাদ আলতামিশ নাবিল ন্যাশনাল এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (এনইভিপি) হিসেবে নির্বাচিত হয়েছেন।

তাছাড়া জাতীয় সভাপতি নির্বাচিত হয়েছেন তরুণ ব্যবসায়ী ও সংগঠক কাজী ফাহাদ জাতীয় এবং তরুণ উদ্যোক্তা আরেফিন রাফি আহমেদ ডেপুটি জাতীয় সভাপতি নির্বাচিত হয়েছেন।

গত ১৭ জানুয়ারি গাজীপুরের একটি রিসোর্টে জেসিআই জাতীয় বিশেষ সাধারণ সভায় এই এনইভিপি পদের জন্য ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

জেসিআই বাংলাদেশের একটি বিবৃতিতে জানানো হয়েছে, নতুন বোর্ড ২০২৫ সালের মেয়াদে দায়িত্ব পালন করবে। জেসিআই বাংলাদেশের ইমিডিয়েট পাস্ট ন্যাশনাল প্রেসিডেন্ট ইমরান কাদির নতুন বোর্ডকে অভিনন্দন জানিয়েছেন।

আলতামিশ নাবিল আহসানউল্লাহ বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি অর্জনের পর পেশাগত জীবন শুরু করেন। তিনি বর্তমানে ইয়ুথ আপস্কিল নেটওয়ার্ক-ইউনেট এর সহ-প্রতিষ্ঠাতা ও সিইও এবং মিয়াকি-র ম্যানেজ সার্ভিসের প্রধান হিসেবে কর্মরত রয়েছেন। এই বহুজাতিক প্রতিষ্ঠানটি দেশের জাতীয় পর্যায়ের আইসিটি-ভিত্তিক প্রকল্পগুলোর একটি পরিচালনা করে।

বহু বছর ধরে তিনি বিশ্বব্যাপী অসংখ্য তরুণের জীবন পরিবর্তনে কাজ করছেন। পার্সোনাল ব্র্যান্ডিং, কনটেন্ট রাইটিং, লিডারশিপ, নিরাপদ ইন্টারনেট ব্যবহার, অ্যাপ মনিটাইজেশন ইত্যাদি বিষয়ে প্রশিক্ষক হিসেবে তার ভূমিকা প্রশংসিত।

নতুন দায়িত্ব সম্পর্কে আলতামিশ নাবিল বলেন, ‘যুব-ভিত্তিক এই সংগঠন জেসিআই বাংলাদেশ আগামী বছরে জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে বিভিন্ন উদ্যোগের মাধ্যমে সক্রিয় অংশগ্রহণ করবে এবং জেসিআইয়ের মাধ্যমে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি বিশ্বব্যাপী তুলে ধরার জন্য কাজ করে যাবো।’