নবাবগঞ্জে অবৈধ পাঁচ ইটভাটা বন্ধ ঘোষণা, ৫৪ লাখ টাকা জরিমানা

পরিবেশ ও বায়ুদূষণকারী অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে নবাবগঞ্জ উপজেলার কলাকোপা সাহেবখালি এলাকার পাঁচটি ইটভাটাকে ৫৪ লাখ টাকা জরিমানসহ ভাটার কার্যক্রম বন্ধ ঘোষণা করে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। 

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দিনব্যাপী অভিযান চালিয়ে এ জরিমানা ও ভাটা বন্ধ ঘোষণা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজওয়ান উল-ইসলাম।

জানা যায়, সাহেবখালী এলাকার বিবিসি ব্রিকসকে ২০ লাখ টাকা জমিরানা ও কার্যক্রম বন্ধ ঘোষণা, এনবিআই ব্রিকসকে ২০ লাখ টাকা জমিরানা ও কার্যক্রম বন্ধ ঘোষণা, গোল্ড ব্রিকসকে ৫ লাখ টাকা জমিরানা ও কার্যক্রম বন্ধ ঘোষণা, জনতা ব্রিকসকে ৫ লাখ টাকা জরিমানা ও কার্যক্রম বন্ধ ঘোষণা এবং জয়পাড়া ব্রিকসকে ৪ লাখ টাকা জমিরানা ও কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।

মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর ঢাকা জেলার কার্যালয়ের পরিদর্শক মো. হাবিবুর রহমান এবং ঢাকা জেলা কার্যালয়ের পরিদর্শক এস এম মনজুর- উল-আলম। এছাড়া এনফোর্সমেন্ট কার্যক্রম পরিচালনায় বাংলাদেশ পুলিশ, র‍্যাব-১১ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স উপস্থিত থেকে আইনগত সহযোগিতা করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজওয়ান উল-ইসলাম বলেন, বায়ুদূষণকারী অবৈধ ইটভাটা ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভবিষ্যতেও এ ধরনের মোবাইল কোর্ট কার্যক্রম অব্যাহত থাকবে।