পাকিস্তানের ব্যান্ড ‘কাভিশ’ ঢাকার মঞ্চ মাতাবে আজ

রাজধানীর সেনা প্রাঙ্গণে আজ শুক্রবার (২৪ জানুয়ারি) ‘ঢাকা ড্রিমস’  শিরোনামে কনসার্টে গাইবে পাকিস্তানের ব্যান্ড কাভিশ। দর্শকের জন্য গেট খুলে দেওয়া হবে বিকেল ৩টায়।

আয়োজকরা জানিয়েছেন, কনসার্টে অংশ নিতে গত ২২ জানুয়ারি রাতে বাংলাদেশে এসে পৌঁছেছে কাভিশ ব্যান্ড। এর আগে গত ১০ ও ১১ জানুয়ারি পর পর দুইদিন কনসার্টটি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে এর তারিখ পরিবর্তন করা হয়। আয়োজক সংস্থা ব্লু ব্রিক কমিউনিকেশনস জানিয়েছে, পিছিয়ে যাওয়া ঢাকা ড্রিমস কনসার্টটিই অনুষ্ঠিত হচ্ছে আজ।

কাভিশের পাশাপাশি দেশের একাধিক শিল্পী ও ব্যান্ড পারফর্ম করবে ঢাকা ড্রিমস কনসার্টে। আয়োজন শুরু হবে ব্যান্ড লেভেল ফাইভের পরিবেশনা দিয়ে। এরপর মঞ্চে আসবে আরমীন মুসা ও ঘাসফড়িং কয়ার। তাদের পরিবেশনা শেষে পারফর্ম করবে ব্যান্ড শূন্য। কনসার্টে বিশেষ আকর্ষণ থাকবে শায়ান চৌধুরী অর্ণব ও সুনিধি নায়েকের যৌথ পরিবেশনা। কাভিশের পারফরম্যান্স দিয়ে শেষ হবে আয়োজন।

১৯৯৮ সালে গায়ক জাফর জাইদি ও মাজ মাওদুদের হাত ধরে গড়ে ওঠে কাভিশ ব্যান্ড। ঢাকা ড্রিমস কনসার্টের মাধ্যমে প্রথমবার বাংলাদেশে গান শোনাবে দলটি।

ব্লু ব্রিক কমিউনিকেশনসের পক্ষ থেকে বলা হয়েছে, আমরা কাভিশকে ঢাকায় আনার সুযোগ পেয়ে খুবই আনন্দিত এবং এমন একটি সন্ধ্যার আয়োজন করছি, যেখানে দেশি ও আন্তর্জাতিক শিল্পীরা এক মঞ্চে সংগীত পরিবেশন করবেন।

জানা গেছে, কনসার্টের টিকিটের মূল্য ধরা হয়েছে ৪ হাজার টাকা।