রাশিয়ার কুরস্কে ইউক্রেনের সেনাদের বিরুদ্ধে যুদ্ধে উত্তর কোরিয়ার অন্তত ৪ হাজার সেনা হতাহত হয়েছে বলে বিবিসির কাছে দাবি করেছে পশ্চিমা কর্মকর্তারা। এর মধ্যে মাত্র তিন মাসের লড়াইয়ে দেশটির প্রায় ১ হাজার সেনা নিহত হয়েছে বলেও তারা জানান।
নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, যুদ্ধ করতে উত্তর কোরিয়ার ১১ হাজার সেনা রাশিয়ায় আসে। যার মধ্যে ৪০ শতাংশ (৪ হাজার) সেনা ইতোমধ্যে ইউক্রেনের সেনাদের হাতে নিহত, আহত কিংবা আটক হয়েছে।
সাবেক ব্রিটিশ সেনাবাহিনীর ট্যাঙ্ক কমান্ডার কর্নেল হামিশ ডি ব্রেটন-গর্ডন বলেন, কিম জং উনের সেনারা খুব একটা প্রশিক্ষিত নয়। তাদেরকে জেনে-বুঝেই ইউক্রেনের কামানের সামনে ফেলা দেওয়া হয়েছে। তাছাড়া রাশিয়ান অফিসাররা তাদের সুরক্ষায় পর্যাপ্ত ব্যবস্থা নিচ্ছে না।
এদিকে দক্ষিণ কোরিয়ার গোয়েন্দাদের এক প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর কোরিয়ার সেনারা আধুনিক যুদ্ধের জন্য প্রস্তুত নয়। বিশেষ করে ইউক্রেনীয় ড্রোনের সহজ নিশানায় পরিণত হচ্ছে তারা।
শীর্ষ ইউক্রেনীয় সামরিক কমান্ডার জেনারেল অলেক্সান্ডার সিরস্কী বলেছেন, উত্তর কোরীয় সেনারা মূলত সোভিয়েত আমলের কৌশলে যুদ্ধ করছে। তারা রুশ সেনাদের চেয়েও আক্রমণাত্মকভাবে একেবারে সামনে থেকে লড়ছে। ফলে তাদের হতাহতের পরিমাণ বাড়ছে।