আলী রীয়াজের নতুন বই ‘আমিই রাষ্ট্র’-এর প্রকাশনা অনুষ্ঠিত

রাষ্ট্রবিজ্ঞানী, লেখক ও সংবিধান সংস্কার কমিশনের প্রধান আলী রীয়াজের নতুন বই ‘আমিই রাষ্ট্র’-এর প্রকাশনা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৬ জানুয়ারি) বিকাল ৪টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে জুলাই গণঅভ্যুত্থান নি‌য়ে বিশেষ প্রদর্শনী‌তে এ প্রকাশনা অনুষ্ঠিত হয়।

এছাড়া একইস‌ঙ্গে আরও তিন‌টি বই‌য়ের প্রকাশনা অনুষ্ঠিত হয়। সেগুলো হ‌লো, আইন উপ‌দেষ্টা ড. আসিফ নজরু‌লের 'শেখ হা‌সিনার পতনকাল', আল মাসুদ হাসানউজ্জামা‌নের 'ছাত্র-জনতার অভ্যুত্থান' ও সাজ্জাদ শ‌রি‌ফের 'জুলাই গণঅভ্যুত্থা‌নের সাক্ষ্য'।

অনুষ্ঠান‌টি সঞ্চালনা ক‌রেন প্রথম আলো সম্পাদক ম‌তিউর রহমান।

এর আগে ‘জুলাই-জাগরণ’ প্রদর্শনী ঘুরে দেখেন সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রীয়াজ ও অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল।

আমিই রাষ্ট্র বইটিতে ব্যক্তিতান্ত্রিক স্বৈরতন্ত্র শাসনের প্রকৃতি ও পরিসর বিশ্লেষণের পাশাপাশি ভবিষ্যতে বাংলাদেশে এই ধরনের শাসনের উত্থান রোধের জন্য করণীয় কী সে বিষয়েও আলোকপাত করা হয়েছে। একই সঙ্গে এক ঐতিহাসিক ক্রান্তিলগ্নে দাঁড়ানো বাংলাদেশের রাজনীতি ও ভবিষ্যৎ চ্যালেঞ্জ নিয়ে বিস্তারিত বলা হয়েছে।