ঢাবি ও ৭ কলেজ শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়া,

নীলক্ষেত এলাকায় হঠাৎ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, থেমে থেমে চলছে ধাওয়া-পাল্টা ধাওয়া

নীলক্ষেত মোড়ে ঢাবি শিক্ষার্থী ও অধিভুক্ত ৭ কলেজের শিক্ষার্থীরা মুখোমুখি অবস্থানে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের সহায়তায় ৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। ঢাবি ও ৭ কলেজ শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার মাঝে হঠাৎ নীলক্ষেত এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

এর আগে নীলক্ষেত মোড়ে ঢাবি শিক্ষার্থী ও অধিভুক্ত ৭ কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া এবং ইট পাটকেল নিক্ষেপ ও দফায় দফায় সংঘর্ষের ঘটনায় হল ছেড়ে মূল সড়কে নেমে আসে ইডেন মহিলা কলেজের শিক্ষার্থীরা।

এসময় তারা ঢাবি শিক্ষার্থীদের উদ্দেশ্যে ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকেন। কলেজ প্রশাসন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলে তাদের উদ্দেশ্যেও ক্ষিপ্ত হয়ে ওঠেন তারা।

রোববার (২৬ জানুয়ারি) দিবাগত রাতে রাজধানীর নীলক্ষেত মোড় ও ইডেন মহিলা কলেজ এলাকায় এই চিত্র দেখা গেছে।

ইডেন কলেজ শিক্ষার্থীরা বলছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অন্যায়ভাবে সাত কলেজের শিক্ষার্থীদের উপর হামলা করেছে। এমনকি তারা সাত কলেজের বেশ কয়েকজন শিক্ষার্থীকে আটকে রেখেছে বলেও শোনা যাচ্ছে। তাই আমরা আমাদের ভাইদের সহযোগিতার জন্য বের হয়েছি।