ট্রাকের ধাক্কায় প্রাণ গেল চাচা-ভাতিজির

মেহেরপুরে গাংনীতে সড়ক দুর্ঘটনায় দুই জনের মৃত্যু হয়েছে। সোমবার (২৭ জানুয়ারি) দুপুর ১টার দিকে মেহেরপুর—কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের গাংনীর শুকুরকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

দুর্ঘটনায় নিহতরা হলেন- তাইমুজ্জামান (৮) এবং মাসুদুজ্জামান বাবু (৩৫)। তারা সম্পর্কে চাচা-ভাতিজি। 

স্থানীয়রা জানান, তাইমুজ্জামান তার চাচার সঙ্গে মোটরসাইকেলে মেহেরপুর থেকে কুষ্টিয়ার দিকে যাচ্ছিলেন। মোটরসাইকেলটি শুকুরকান্দি এলাকায় পৌঁছালে একটি ইট বোঝাই ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারায় তাইমুজ্জামান। পরে মাসুদুজ্জামানকে উদ্ধার করে মিরপুর উপজেলা হাসপাতালে নিয়ে গেলে সেখানে তাকেও মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। 

গাংনী থানার ওসি বানী ইসরাইল বলে, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘাতক ট্রাকটিকে জব্দ করা হয়েছে। ট্রাক চালক ও তার সহযোগীকে আটকের চেষ্টা চলছে।