মধ্যরাতে আড়াইহাজারের ৪ বাড়িতে ফের ডাকাতের হানা

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ফের হানা দিয়েছে ডাকাতদল। এবার একযোগে ৪ বাড়িতে হানা দিয়ে দুটি বাড়ি থেকে মালপত্র লুটের ঘটনা ঘটেছে।

সোমবার (২৭ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার খাগকান্দা ইউনিয়নের শম্ভুপুরা গ্রামে এ ঘটনা ঘটে।আড়াইহাজারের বিভিন্ন গ্রামে ডাকাতির ঘটনায় গ্রামজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে , সোমবার রাতে প্রথমে ১০ থেকে ১৫ জনের মুখোশ পরিহিত ডাকাতদল শম্ভুপুরা গ্রামের জামাল নামের এক বাসিন্দার বাড়িতে হানা দেয়। কিছু সময় পর লিটন নামের আরও এক বাসিন্দার বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। এ সময় দুটি বাড়ি থেকে নগদ টাকাসহ বেশ কিছু মালামাল লুট হয়েছে বলে জানিয়েছেন তারা। 

অন্যদিকে শম্ভুপুরা গ্রামের বাসিন্দা বাচ্চু এবং ওয়ালিদের বাড়িতেও ডাকাতির চেষ্টা হয়েছে। তবে সেখান থেকে জিনিসপত্র খোয়া না গেলেও প্রতিরোধের মুখে পালিয়ে যাওয়ার সময় বাড়ি ভাঙচুর করেছে ডাকাতদল।

আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ডাকাতি বন্ধে কাজ করছে পুলিশ। পাশাপাশি সবাইকে সচেতন হওয়ার আহবান জানান।

প্রসঙ্গত গত ২১ জানুয়ারি আড়াইহাজারের হাইজাদী ইউনিয়নের রাইনাদী কলাগাছিয়া গ্রাম এবং গকান্দা ইউনিয়নের লালুরকান্দী গ্রামে হানা দেয় ডাকাতদল। ডাকাতির বিষয়টি মসজিদের মাইকে ঘোষণা দেওয়ার পর এলাকাবাসীর প্রতিরোধে পালিয়ে যায় ডাকাতরা।