দক্ষিণ সুদানে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত, নিহত ১৮

দক্ষিণ সুদানের ২১ জন যাত্রী ও ক্রু বহনকারী একটি বিমান বিধ্বস্ত হয়েছে। বুধবার (২৯ জানুয়ারি) দেশটির ইউনিটি রাজ্যে ঘটা এ দুর্ঘটনায় অন্তত ১৮ জন নিহত হয়েছেন।

দক্ষিণ সুদানে জাতিসংঘ মিশন পরিচালিত রেডিও মিরায়া জানিয়েছে, বিমানটি উত্তরাঞ্চলীয় রাজ্যের একটি তেলক্ষেত্র থেকে উড্ডয়নের সময় বিধ্বস্ত হয়।

সাম্প্রতিক বছরগুলোতে যুদ্ধবিধ্বস্ত দক্ষিণ সুদানে বেশ কয়েকটি বিমান দুর্ঘটনা ঘটেছে। ২০১৮ সালের সেপ্টেম্বরে রাজধানী জুবা থেকে ইরোল শহরে যাত্রীবাহী একটি ছোট বিমান বিধ্বস্ত হলে অন্তত ১৯ জন নিহত হন।

২০১৫ সালে রাজধানী জুবার বিমানবন্দর থেকে উড্ডয়নের পর যাত্রী বহনকারী রাশিয়ার তৈরি একটি কার্গো বিমান বিধ্বস্ত হয়ে কয়েক ডজন মানুষ নিহত হয়েছিল।