গাইবান্ধার গোবিন্দগঞ্জে মোবাইল হারানোকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়েছে দুই পক্ষ। সংঘর্ষ চলাকালে সালজার রহমান নামের যুবক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) এ ঘটনায় স্থানীয় গোবিন্দগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ওসি বুলবুল ইসলাম। এর আগে বুধবার রাতে উপজেলার ত্রিমোহনী ব্রিজ বাজার এলাকায় দুই পক্ষের মধ্যে সংর্ঘষের ঘটনা ঘটে। পরে হাসপাতালের নিয়ে যাওয়ার পথে মারা যান সালজার নামের ওই যুবক।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সালজারের সঙ্গে স্থানীয় বাসিন্দা ফারুক হোসেন ও ফেরদৌসের ধারের টাকা নিয়ে বিরোধ চলছিল। এক পর্যায়ে সালজারের মোবাইলটি নিয়ে নেয় তারা। পরে তারা সালজারকে জানায় মোবাইলটি হারিয়ে গেছে। মোবাইল হারানোকে কেন্দ্রে করে বুধবার রাতে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই পক্ষ। এসময় সালজার গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে প্রথমে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। পরে বগুড়া নেওয়ার পথে সালজার মারা যায়।
গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। প্রাথমিকভাবে জানা গেছে মোবাইল হারানোকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।