সাবেক জনপ্রশাসন মন্ত্রী ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেন দোদুলের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) সকাল পৌনে ৮টার দিকে মেহেরপেুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শারমিন নাহারের আদালতে হাজির করা হলে তার জামিন না মঞ্জুর করে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলায় সরকারি পক্ষে পাবলিক প্রসিকিউটর আবু সালেহ মোহাম্মদ নাসিম, কোর্ট পুলিশ পরিদর্শক মানষ রঞ্জন ঘোষ এবং আসামি পক্ষে ইব্রাহিম শাহীন আইনজীবীর দায়িত্ব পালন করেন। এর আগে বুধবার রাতে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তাকে মেহেরপুর জেলা কারাগারে নেওয়া হয়।
মেহেরপুর জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর আবু সালেহ মোহাম্মদ নাসিম জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপর হামলার দুটি মামলায় তাকে জেল গেটে শোন এরেস্ট দেখানো হয়েছে এবং একটি মামলায় রিমান্ডের আবেদন জানালে বিজ্ঞ বিচারক জেল গেটে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। মামলায় আসামি পক্ষে আইনজীবী হিসেবে অংশ নেন ইব্রাহিম শাহীন।
তিনি জানান, অপরাধ প্রমাণিত না হওয়া পর্যন্ত কাউকে দোষী সাব্যস্ত করা যাবে না। আমি বিজ্ঞ আদালতের কাছে সে হিসেবে আসামি যাতে ন্যায় বিচার পান সে আবেদন এবং একই সঙ্গে জামিনের আবেদন করেছি। বিজ্ঞ বিচারক জামিন না মঞ্জুর করেছেন।
সাবেক এ মন্ত্রীকে সকালে আদালতে হাজির করা নিয়ে তিনি বলেন, এটা আদালতের বিষয়। হয়তো নিরাপত্তার কথা ভেবে গোপনীয়তা রক্ষা করা হয়েছে।
মেহেরপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি মারুফ আহমেদ বিজন বলেন, প্রশাসনিক ব্যবস্থাপনায় এবং গোপনীয়তার মধ্যে ফ্যাসিস্ট সরকারের একজন দুর্নীতিবাজ ও খুনী মন্ত্রীর জন্য এমন রিমান্ড শুনানির আয়োজন এক বিরল ঘটনা।
মেহেরপুরে বৈষম্য বিরোধী ছাত্রদের দায়েরকৃত একটি জিআর ২৬৩/২৪ এবং ২৭৭/২৪ এ দুটি মামলায় তাকে মেহেরপুর সদরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। গত ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর মেহেরপুরের পাশাপাশি ঢাকাতেও সাবেক মন্ত্রী ফরহাদ হোসেনের বিরুদ্ধে একাধিক মামলা হয়। গত বছরের ১৪ সেপ্টেম্বর রাতে রাজধানীর ইস্কাটন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছিল র্যাব।