‘গাজার অধিবাসীদের বিরুদ্ধে ইসরায়েলি আগ্রাসন’ সমর্থন করার অভিযোগে রাশিয়ায় এক ব্যক্তিকে কারাদণ্ড দেওয়া হয়েছে। প্রিমারস্কি ক্রাই অঞ্চলের প্রশাসনিক কেন্দ্র ভ্লাদিভোস্টকের একজন বিচারক অভিযুক্তকে পাঁচ দিনের কারাদণ্ড দিয়েছেন।
প্রিমোরি অঞ্চলের সন্ত্রাসবিরোধী কমিটি জানিয়েছে, টেলিগ্রাম চ্যানেলে ‘কটাক্ষ’ করার একদিন পর চলতি মাসের শুরুর দিকে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তবে ওই ব্যক্তি তার অনলাইন কমেন্টে কী লিখেছেন, তা স্পষ্ট করেনি কমিটি।
মস্কো টাইমস জানিয়েছে, লেনিনস্কি জেলা আদালত ওই ব্যক্তিকে ঘৃণা উস্কে দেওয়ার জন্য দোষী সাব্যস্ত করে। আদালতের রেকর্ডের বরাত দিয়ে স্বাধীন গণমাধ্যম ওই ব্যক্তিকে উংভিটস্কি বলে শনাক্ত করেছে।
কর্তৃপক্ষ একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে দেখা যাচ্ছে, দোষী ব্যক্তিকে অনলাইনে মন্তব্যের জন্য ক্ষমা চাইছেন এবং অন্যদেরও একই ধরনের অপরাধের বিরুদ্ধে সতর্ক করছেন।
দীর্ঘদিনের দখলদারিত্ব এবং সবশেষ আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ইসরায়েলি তাণ্ডবের জবাবে ২০২৩ সালের অক্টোবরে হামাস যোদ্ধারা ইসরায়েলে অভিযান চালায়। তাদের হাতে ১২০০ জনেরও বেশি মানুষ নিহত হন এবং শত শত মানুষকে জিম্মি করা হয়।
এরপর গাজায় ইসরায়েলের গণহত্যার যুদ্ধে এ পর্যন্ত ৪৭ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। চলতি মাসের শুরুর দিকে যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছেছে ইসরায়েল ও হামাস। তবুও বিভিন্ন স্থানে বিচ্ছিন্ন হামলা চালিয়ে হত্যাযজ্ঞ অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলি এমন কর্মকাণ্ড নিয়ে বিশ্বব্যাপী নানা প্রতিক্রিয়া দেখা যায়।