মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা গতকাল শুক্রবার শেষ হয়েছে। বিভিন্ন ছাড়ের অফারে রাত পর্যন্ত চলে কেনাবেচার ধুম। অধিকাংশ দোকানের পণ্য বিক্রি শেষ হয়ে যায়। ছাড়ে পণ্য কিনে ক্রেতারা আর পণ্য বিক্রিতে বিক্রেতারাও খুশি । পূর্বাচলের বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারের মাল্টিপারপাস হলে গতকাল বিকালে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশির উদ্দিন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের প্রশাসক মো. হাফিজুর রহমান, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মো. আবদুর রহিম।
এবারের বাণিজ্য মেলায় বিভিন্ন ক্যাটাগরির ৩৪৩টি দেশি-বিদেশি স্টল, মিনি প্যাভিলিয়ন ও প্যাভিলিয়ন অংশ নেয়। বাংলাদেশ ছাড়াও ভারত, পাকিস্তান, তুরস্ক, সিংগাপুর, ইন্দোনেশিয়া, হংকং ও মালয়েশিয়ার ১১টি প্রতিষ্ঠান এবারের মেলায় অংশগ্রহণ করেছে।
মেলায় বিভিন্ন ধরনের কাপড়, প্রক্রিয়াজাত খাদ্য, টয়লেট্রিজ, গৃহসজ্জা ও গৃহস্থালি সামগ্ৰী, ক্রোকারিজ, সৌন্দর্যবর্ধক সামগ্রী, ইলেক্ট্রনিকস সামগ্রী, হারবাল, ফার্নিচার, ইমিটেশনের গহনা, কসমেটিকস অ্যান্ড বিউটি এইডস, আইসক্রিমের স্টল, প্লাস্টিক সামগ্রী, সিরামিক, প্রেসার কুকার, রুটি মেকার, ফ্রাইপ্যান, বস্ত্র, ভেজিটেবল কাটার, স্পোর্টস গুডস, মেলামাইন, খেলনা, চামড়াজাত পণ্য, স্যানিটারিওয়্যার, খাদ্যপণ্য, প্রক্রিয়াজাত খাদ্য, ফাস্টফুড, হস্তশিল্পজাত পণ্য, পাট ও পাটজাত পণ্যসহ নানাবিধ পণ্য প্রদর্শন করা হয়েছে। এছাড়া কয়েদিদের তৈরি কারাপণ্য, বাংলাদেশ সেনাবাহিনীর ব্যবস্থাপনায় এমআরটিএফের প্যাভিলিয়ন, প্রতিবন্ধীদের তৈরি পণ্যের স্টল, সেনাকল্যাণ সংস্থার স্টল, তুরস্কের কার্পেট ঘরের প্রতি ছিল দর্শনার্থীদের প্রধান আকর্ষণ।
সমাপনী অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেন, 'অর্থনীতির ব্যবহার, ভারসাম্য ও বিদেশি বিনিয়োগের সুষ্ঠু পরিবেশ করতে হবে। পণ্য উৎপাদন ব্যয় কমাতে হবে। সকল ক্ষেত্রে স্বক্ষমতা বৃদ্ধি ও পণ্যের বৈচিত্র্যকরণ করতে হবে। শিল্প ও বাণিজ্য বিষয়কদের নিয়ে এ মিলন মেলার আয়োজন করা হয়। হস্তশিল্পকে একটি গ্রাম একটি পণ্যে পরিণত করতে হবে। লক্ষ কারিগরকে তুলে আনতে হবে। উদ্যোক্তা তৈরি করতে হবে।'
রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন বলেন, 'কুড়িল থেকে বিআরটিসি বাসে ১৪-১৫ মিনিটে ক্রেতা ও দর্শনার্থীরা বাণিজ্য মেলায় আসতে পেরেছে। স্টল বরাদ্দ থেকে শুরু করে বাণিজ্য মেলার সকল কার্যক্রম স্বচ্ছতার মধ্যে সম্পন্ন হয়েছে। ই-টিকিটিং ছিল এবার ব্যতিক্রম। ৫১টি প্রতিষ্ঠানকে পুরস্কার দেওয়া হয়েছে ।
এফবিসিসিআইয়ের প্রশাসক মো. হাফিজুর রহমান বলেন, মেলার পারিপার্শ্বিক, পরিষ্কার- পরিচ্ছন্নতা, প্রশাসনিক ব্যবস্থা ছিল সন্তোষজনক।
মেলায় ব্যাংকিং, বিনা মূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা, রক্তদান সেবা, নামাজের স্থান, দর্শনার্থীদের বিশ্রামের জন্য আরামদায়ক ও শোভন চেয়ার-বেঞ্চ সুবিধা ছিল। শিশুদের সেবা প্রদান ও চিত্তবিনোদনের জন্য স্থাপন করা হয় মা ও শিশু কেন্দ্র এবং শিশু পার্ক ।
সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারী বিভিন্ন ক্যাটাগরির ৫১টি প্রতিষ্ঠানকে সেরা প্যাভিলিয়ন, মিনি প্যাভিলিয়ন, স্টল ও প্রতিষ্ঠানকে ট্রফি প্রদানের মাধ্যমে স্বীকৃতি প্রদান করা হয়েছে। প্রথম পুরস্কার ট্রফি বিভিন্ন ক্যাটাগরির ২২টি সেরা প্যাভিলিয়ন ও স্টলে প্রদান করা হয়েছে। দ্বিতীয় পুরস্কার ট্রফি বিভিন্ন ক্যাটাগরির ১৬টি স্টল ও প্যাভিলিয়নকে ও তৃতীয় পুরস্কার ট্রফি বিভিন্ন ক্যাটাগরির ১৩টি প্যাভিলিয়ন ও স্টলকে প্রদান করা হয়েছে ।