নাটোরের সিংড়ায় ফজরের নামাজ পড়তে মসজিদে যাওয়ার পথে ওসমান গনি বাবু (৫২) নামের এক ব্যবসায়ীকে গুলি করেছে দুর্বৃত্তরা। আহত অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার (১ ফেব্রুয়ারি) ভোর ৬টার দিকে উপজেলার ১০ নম্বর চৌগ্রাম ইউনিয়নের চৌগ্রাম পারুহারপাড়া মসজিদে এ ঘটনা ঘটে।
আহত ওসমান গনি বাবু উপজেলার একই গ্রামের মৃত. আব্দুল প্রামানিকের ছেলে। এবং তিনি পেশায় চাল ব্যবসায়ী।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার ফজরের নামাজ পড়ার জন্য ওসমান গনি তার নিজ বাড়ি থেকে মসজিদের উদ্দেশ্য বের হন। এরপর মসজিদের ভিতরে প্রবেশের সময় পিছন থেকে কে বা কারা তাকে গুলি করে পালিয়ে যায়। এ সময় তার চিৎকারে মুসল্লিরা রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এ বিষয়ে সিংড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসমাউল হক বলেন, গুলির ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং অনেককে জিজ্ঞাসাবাদ করেছে। এখনো পর্যন্ত ভিকটিম বা তার পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার চেষ্টা করবে।