শীতলক্ষ্যায় বাল্কহেডের ধাক্কায় নৌকাডুবি

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় যাত্রীবাহী নৌকাডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় তাৎক্ষনিকভাবে ৯ যাত্রীকে জীবিত উদ্ধার করেছে স্থানীয়রা। 

শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে নগরীর হাজীগঞ্জ-নবীগঞ্জ ঘাটের অদূরে এ দুর্ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, নবীগঞ্জ খেয়াঘাটের শীতলক্ষ্যা নদীর পশ্চিম পাড় থেকে শিশুসহ দুই পরিবারের ৯ যাত্রী নিয়ে একটি যাত্রীবাহী নৌকা পূর্ব পাড়ে যাচ্ছিল। এ সময় উত্তর দিক থেকে আসা একটি বালুবাহী বাল্কহেড যাত্রীবাহী নৌকাটিকে ধাক্কা দিয়ে নদীর মাঝখানে নিয়ে যায়। যাত্রীরা চিৎকার করলে কয়েকটি নৌকা ও ট্রলার এসে ৯ যাত্রীকে জীবিত উদ্ধার করে। 

বন্দর থানার ওসি তরিকুল ইসলাম জানান, এ ঘটনায় কেউ হতাহত হননি। সব যাত্রীকে জীবিত উদ্ধার করা হয়েছে।