আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) কোনো অফিস ধানমন্ডিতে খুঁজে পাওয়া যায়নি বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে ধানমন্ডি ৩২ নম্বরে ও ধানমন্ডি ৬/এ অভিযানে যায় দুদকের টিম। তবে দুই জায়গার কোথাও অফিসের অস্তিত্ব খুঁজে পায়নি সংস্থাটি। পরে সেখানেই এক বিফ্রিংয়ে এ তথ্য জানান সংস্থাটির সহকারী পরিচালক রাজু আহমেদ।
তিনি বলেন, রাষ্ট্রীয় অর্থ প্রাতিষ্ঠানিক কাজে ব্যয় বা ক্ষতি সাধন করছেন কিনা সেটার যাচাইয়ের জন্য এসেছি। ধানমন্ডি কয়েকটা জায়গা ঘুরেও আমরা সিআরআইয়ের অফিস খুঁজে পাইনি।
তিনি বলেন, আমরা প্রাথমিকভাবে তথ্যগুলো সংগ্রহ করার চেষ্টা করছি। সেই পরিপ্রেক্ষিতে অভিযানে আসছি। ব্যাংকে অ্যাকাউন্ট আছে আমরা সেটা জেনেছি। সেই তথ্য যাচাই করতে হলে আমাদের রেকর্ডগুলো সংগ্রহ করতে হবে। ব্যাংক স্টেটমেন্ট সংগ্রহের প্রক্রিয়া চলমান। ওনারা নন প্রফিট অরগানাইজেশন হিসেবে আত্মপ্রকাশ করে।
তিনি আরও বলেন, আমরা যে নিয়মিত অভিযান করি সেটারই একটি অংশ। অভিযোগে যতটুক তথ্য ছিল সেই তথ্য যাছাই করতে আজকে অভিযান পরিচালনা।