আওয়ামী সরকারের সাবেক মন্ত্রী আমির হোসেন আমুর ঝালকাঠি শহরের বাসভবন ভাঙচুর করেছেন ছাত্র-জনতা। ৫ আগস্ট ভাঙচুরের পর থেকে বাড়িটি পরিত্যক্ত অবস্থায় ছিল।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে শহরের রোনালসে সড়ক সংলগ্ন সড়কে অবস্থিত বাসভবনটি ভাঙচুর করা হয়। এর আগে সুগন্ধা নদীর তীরে ডিসি পার্কে অবস্থিত ফিরোজা আমু টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সাইনবোর্ড ভেঙে গুড়িয়ে দেয় বিক্ষুব্ধ ছাত্ররা। একই এলাকায় ফিরোজা আমু হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের নামফলকও ভাঙচুর করেন বিক্ষুব্ধরা
তারা জানান, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার জোর করে ক্ষমতা দখল করেছিল। তাদের আমলে অবৈধ এমপি-মন্ত্রীরা সম্পদের পাহাড় গড়ে তোলেন। এই অবৈধ সম্পদের পাহার গড়ে তোলার মধ্যে ঝালকাঠির সাবেক সংসদ সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমুও রয়েছেন। তিনি জোরপূবর্ক কালেক্টরেট স্কুলের জমি দখল করে নিজের ও তার স্ত্রীর নামে দুটি প্রতিষ্ঠান করেছিলেন। ফ্যাসিবাদের দোসরদের সকল আস্তানা ভেঙে দেওয়া হবে।
এ বিষয়ে ঝালকাঠি থানার ওসি মনিরুজ্জামান বলেন, বিষয়টি আমরা শুনেছি। খোঁজ খবর নিচ্ছি।
গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বিক্ষুব্ধ জনতা ১৪ দলের মুখপাত্র আমির হোসেন আমুর রোনালসে রোডের ওই বাড়িতে হামলা চালান। সেদিন কয়েক হাজার মানুষ বাড়িটিতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে ব্যর্থ হন। সেদিন একপর্যায়ে তিনতলা বাড়ির বিভিন্ন অংশ পুড়ে যায়।