বরিশাল প্রেস ক্লাবের সামনে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ও সড়কের পাশে তার ভাগ্নের স্ত্রীর নামে নির্মিত শিশু পার্কটি দ্বিতীয় দফায় ভাঙচুর করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বেলা ৩টা থেকে ভাঙচুর শুরু করে একদল লোক।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বরিশাল মহানগরের আহ্বায়ক শহীদুল ইসলাম সাহেদ বলেন, মহাসড়ক দখল করে একটি শিশু পার্ক নির্মাণ করা হয়েছে। এতে যানবাহন চলাচলে ভোগান্তিসহ বিভিন্ন সময় দুর্ঘটনা ঘটে। এ ছাড়া এটি একটি ফ্যাসিবাদের চিহ্ন। দেশে ফ্যাসিবাদের চিহ্ন মুছে ফেলতে ভাঙচুর করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা বিএম কলেজের মূল ফটকে জড়ো হয়। এসময় তারা মহাসড়কে নির্মাণ করা সাহান আরা আবদুল্লাহ পার্ক ও বরিশাল প্রেস ক্লাবে নির্মিত শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভাঙার ঘোষণা দেয়।
এরপর দুই ভাগে বিভক্ত হয়ে ছাত্রজনতা প্রেস ক্লাব ও পার্কের উদ্দেশ্যে রওনা দেয়। দুপুর ২টার দিকে প্রেস ক্লাবে শেখ মুজিবুর রহমানের ম্যুরাল হাতুড়ি দিয়ে ভাঙা শুরু হয়। অন্যদিকে সাহানা আরা আবদুল্লাহ পার্ক ৩টার দিকে বুলডোজার দিয়ে ভাঙা শুরু করে ছাত্রজনতা।