শিকলে বাঁধা ভারতীয় অভিবাসী, যা জানালেন জয়শঙ্কর

ভারতীয় অবৈধ অভিবাসীদের সামরিক বিমানে হাতকড়া ও শিকলে পা বেঁধে গতকাল বৃহস্পতিবার ফেরত পাঠায় যুক্তরাষ্ট্র। এনিয়ে ভারতের রাজনৈতিক মহলে সমালোচনা ঝড় বইছে। দেশটির সংসদে বিরোধীরা বিষয়টি নিয়ে প্রবল হইচই করেছে। তাদের বক্তব্য, যুক্তরাষ্ট্র ভারতীয়দের প্রতি অমানবিক ব্যবহার করেছে এবং তাদের অপমান করা হয়েছে। 

তবে সংসদে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেন, যুক্তরাষ্ট্রে ইমিগ্রেশন ও কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) কর্তৃপক্ষ অভিবাসীদের ফেরত পাঠায়। সেখানে স্ট্যান্ডার্ড অপারেটিভ প্রসিডিওর (এসওপি) আছে। ২০১২ সাল থেকে তা চালু আছে। সেখানে এই কড়াকড়ির কথা বলা হয়েছে। 

জয়শঙ্কর জানিয়েছেন, আইসিই তাকে জানিয়েছে, নারী ও বাচ্চাদের হাতকড়া বা শিকল পরানো হয়নি। অন্যদেরও খাবার সময় বা টয়লেট যাওয়ার সময়ও বাঁধনমুক্ত করা হয়েছিল।

জয়শঙ্কর বলেন, অবৈধ নথিহীন ভারতীয়দের ফেরত পাঠানোর ঘটনা নতুন নয়। ২০০৯ থেকে গত ১৫ বছরে ১৫ হাজার ৭৫৬ জন ভারতীয় অভিবাসীকে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র।

বিরোধীদের সমালোচনা

কংগ্রেস সাংসদ মানিকরাম ঠাকুর বলেছেন, এই ঘটনা ভয়ংকর ও লজ্জাজনক। যুক্তরাষ্ট্র এমনভাবে ভারতীয়দের ডিপোর্ট করছে, দেখে মনে হচ্ছে তারা অপরাধী। এটা অমানবিক ও মেনে নেওয়া যায় না।

কংগ্রেস সাংসদ শশী থারুর বলেন, বেআইনিভাবে যুক্তরাষ্ট্রে ঢুকলে তাদের ডিপোর্ট করার অধিকার যুক্তরাষ্ট্রের আছে। কিন্তু যেভাবে তারা ডিপোর্ট করেছে তা মেনে নেওয়া যায় না। সামরিক বিমানে হাতকড়া, পায়ে শিকল বেঁধে ভারতীয় ফেরত পাঠানো ভারতীয়দের প্রতি অপমান।

তৃণমূলের সংসদ সদস্য সাকেত গোখলে বলেছেন, আমরা বিশ্বের পঞ্চম সবচেয়ে বড় অর্থনীতির দেশ। কলম্বিয়ার মতো ছোট দেশ পর্যন্ত অভিবাসী ভর্তি সামরিক বিমান তাদের দেশে নামতে দেয়নি, তারা মর্যাদার সঙ্গে অভিবাসীদের দেশে ফেরাচ্ছে, সেখানে ভারত সরকার কী করছে?